

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পূর্ব বিরোধের জেরে বন্ধুর নির্মম ছুরিকাঘাতে ঝরে গেছে আনোয়ার হোসেন (২২) নামে এক বন্ধুর প্রাণ। শুক্রবার রাত প্রায় সাড়ে নয়টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের উপজেলার কাঠেরপুল বাসস্ট্যান্ড এলাকায় এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে। আনোয়ার হোসেন উপজেলার কুটি ইউনিয়নের রানিয়ারা বিঞ্চুপুর গ্রামের বাসিন্দা গিয়াস উদ্দিন চৌধুরীর ছেলে।
অভিযুক্ত সাব্বির হোসেন একই এলাকার আলমগীর হোসেনের ছেলে। নিহত ও অভিযুক্ত দুজনই দীর্ঘদিনের পরিচিত এবং বন্ধু ছিলেন বলে জানান স্থানীয়রা।
নিহতের বাবা গিয়াস উদ্দিন চৌধুরী জানান, গতকাল বৃহস্পতিবার এশার নামাজের সময় একটি সেলুনে এক যুবককে মারধরের ঘটনায় তার ছেলে প্রতিবাদ করেছিলেন। এ নিয়ে অভিযুক্ত সাব্বিরের সঙ্গে আনোয়ারের কথা কাটাকাটি হয়। এর জের ধরে শুক্রবার রাতে আনোয়ারকে অটোরিকশা থেকে নামিয়ে ছুরিকাঘাত করা সাব্বির। এসময় তার আর্তচিৎকারে স্থানীয়রা এসে আনোয়ারকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মেশকাতুজ্জয়ামান তাকে মৃত ঘোষণা করেন।
আনোয়ারের পিতার দাবী, পূর্ব শত্রুতার জেরে আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সে সৌদি প্রবাসী ছিল। প্রবাস থেকে দেশে এসে একটি মুরগীর খামার গড়েছিলো। কয়েকদিন পর খামারটি চালু করার পরিকল্পনা ছিলো আনোয়ারের। তার এই স্বপ্ন কেড়ে নিলো হত্যাকারীরা। তিনি তার ছেলে হত্যার কঠোর বিচার দাবী করেন।
এ বিষয়ে কসবা থানা অফিসার ইনচার্জ নাজনীন সুলতানা বলেন, পূর্ব শত্রুতার জেরে বন্ধুর হাতে বন্ধু নিহতের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।