শুক্রবার
০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
চিকিৎসকের ব্যতিক্রমী ঘোষণা

আর্জেন্টিনার জার্সি পরে গেলে অর্ধেক ফি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৪ জুন ২০২৬, ১১:০৩ পিএম
চিকিৎসা ফি অর্ধেক নেওয়ার ঘোষণা দেওয়া ডা. মো. হাবিবুর রহমান ।। ছবি: সংগৃহীত
expand
চিকিৎসা ফি অর্ধেক নেওয়ার ঘোষণা দেওয়া ডা. মো. হাবিবুর রহমান ।। ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বকাপকে ঘিরে ভক্ত-সমর্থকদের নানা আয়োজনের মধ্যে এবার ভিন্নধর্মী উদ্যোগ নিয়ে আলোচনায় এসেছেন পটুয়াখালীর এক চিকিৎসক। আর্জেন্টিনা দলের সমর্থকদের জন্য বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছেন তিনি।

পটুয়াখালী শহরের কাজীপাড়ায় অবস্থিত গ্রিনভিউ হাসপাতালে চেম্বার করেন চিকিৎসক ডা. মো. হাবিবুর রহমান। তিনি জানিয়েছেন, বিশ্বকাপ চলাকালে আর্জেন্টিনার জার্সি পরে চিকিৎসা নিতে এলে রোগীদের কাছ থেকে নিয়মিত ভিজিট ফি’র অর্ধেক নেওয়া হবে।

বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন তিনি। বর্তমানে তাঁর ভিজিট ফি ৬০০ টাকা। তবে আর্জেন্টিনার জার্সি পরে চেম্বারে এলে রোগীদের ৩০০ টাকা পরিশোধ করতে হবে।

ঘোষণাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই এটিকে বিশ্বকাপ উন্মাদনার একটি মজার ও ব্যতিক্রমী প্রকাশ হিসেবে দেখছেন। আবার কেউ কেউ চিকিৎসাসেবার সঙ্গে ফুটবলপ্রেমের এমন সংযোগকে অভিনব উদ্যোগ বলে মন্তব্য করেছেন।

বর্তমানে ডা. হাবিবুর রহমান পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের অ্যানেস্থেসিয়া বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। পাশাপাশি তিনি ব্যথা ব্যবস্থাপনা–সংক্রান্ত চিকিৎসাসেবা দিয়ে থাকেন।

স্থানীয় বাসিন্দাদের মধ্যেও এ ঘোষণা নিয়ে আগ্রহ দেখা গেছে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টটি শেয়ার করে প্রতিক্রিয়া জানিয়েছেন।

পটুয়াখালী শহরের বাসিন্দা সাকিল ইসলাম বলেন, বিশ্বকাপ উপলক্ষে নানা ধরনের অফার দেখা গেলেও কোনো চিকিৎসকের পক্ষ থেকে এমন উদ্যোগ সত্যিই ব্যতিক্রমী।

আরেক সমর্থক জুবায়ের আহম্মেদ বলেন, আমি নিজেও আর্জেন্টিনার ভক্ত। ডাক্তারের এই ঘোষণা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলেছে এবং বিশ্বকাপের আমেজ আরও বাড়িয়ে দিয়েছে।

গত বিশ্বকাপেও ডা. হাবিবুর রহমান আর্জেন্টিনা সমর্থকদের জন্য দুটি খাসি জবাই করে ভোজের আয়োজন করেছিলেন। এবারও তার ব্যতিক্রমী উদ্যোগ ফুটবলপ্রেমীদের মধ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

এ বিষয়ে ডা. হাবিবুর রহমান বলেন, ছোটবেলা থেকে আমি আর্জেন্টিনা দলের সমর্থক। বিশ্বকাপকে ঘিরে মানুষের মধ্যে যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়, সেই আনন্দকে ভিন্নভাবে উদযাপন করার ভাবনা থেকে এই উদ্যোগ। এটি সম্পূর্ণ খেলাধুলার প্রতি ভালোবাসা ও আনন্দ ভাগাভাগির উদ্দেশ্যে নেওয়া হয়েছে।

তিনি বলেন, এটি আর্জেন্টিনা সমর্থকদের জন্য আমার পক্ষ থেকে একটি বিশেষ শুভেচ্ছা। এতে কেউ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হবে না; বরং ফুটবলপ্রেমীদের মধ্যে আনন্দের একটি উপলক্ষ তৈরি হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন