সোমবার
০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

‘আওয়ামী লীগ বারবার পালিয়েছে সর্বশেষ ২০২৪ সালেও’

নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ০১ জুন ২০২৬, ০৯:০২ পিএম
ছবি: এনপিবি নিউজ
expand
ছবি: এনপিবি নিউজ

নরসিংদীর পলাশে বিএনপির আয়োজিত আলোচনা সভায় দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, স্বাধীনতা যুদ্ধের দাবিদার আওয়ামী লীগ ১৯৭১ সালে যুদ্ধে অংশ নেয়নি, বরং পরবর্তীতেও বারবার পালিয়ে গেছে। সর্বশেষ ২০২৪ সালেও তারা একইভাবে পালিয়ে গেছে বলে মন্তব্য করেন তিনি।

সোমবার (১ জুন) বিকেলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে পলাশ উপজেলা ও ঘোড়াশাল পৌর বিএনপি আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পলাশ উপজেলা মাল্টিপারপাস অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় মঈন খান বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু বাংলাদেশের স্বাধীনতার ঘোষক নন, তিনি সম্মুখ সমরে মুক্তিযুদ্ধ করেছেন। সেই ইতিহাস সঠিকভাবে দেশের মানুষ, বিশেষ করে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব।”

তিনি অভিযোগ করেন, “বিগত ১৭ বছর দেশের স্কুল-কলেজের শিক্ষার্থীদের ভুল ও বিকৃত ইতিহাস শেখানো হয়েছে। শিক্ষার্থীরা জ্ঞান-বিজ্ঞান অর্জনের জন্য শিক্ষা প্রতিষ্ঠানে যায়, ভ্রান্ত রাজনৈতিক শিক্ষা গ্রহণের জন্য নয়।”

দেশের অর্থনীতি প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, “১৯৭২ থেকে ১৯৭৫ সালের মধ্যে দেশের অর্থনীতি ধ্বংস হয়ে গিয়েছিল। পরবর্তীতে বিগত ১৭ বছর আওয়ামী লীগ লুটপাট ও অর্থপাচারের মাধ্যমে অর্থনীতিকে আরও ভঙ্গুর করে তুলেছে। জিয়াউর রহমান সেই ভঙ্গুর অর্থনীতিকে পুনরুদ্ধার করে শূন্য ঝুড়িকে পূর্ণ ঝুড়িতে রূপান্তর করেছিলেন।”

জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শনের প্রশংসা করে তিনি বলেন, “দেশ ও জনগণের স্বার্থে তিনি নিজের জীবন উৎসর্গ করেছিলেন। তিনি শুধু রাষ্ট্রপতি ছিলেন না, ছিলেন বাংলার রাখাল রাজা। তার রাজনীতি ছিল পরিচ্ছন্ন, শৃঙ্খলাভিত্তিক এবং দেশপ্রেমের রাজনীতি।”

খাদ্য নিরাপত্তা প্রসঙ্গেও বক্তব্য দেন মঈন খান। তিনি বলেন, “আজ আমরা যে ফুড সিকিউরিটির কথা বলি, তার ভিত্তি গড়ে দিয়েছিলেন জিয়াউর রহমান। প্রায় ৫০ বছর আগে তিনি প্রতিটি ইউনিয়নে খাদ্যগুদাম নির্মাণের উদ্যোগ নিয়ে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছিলেন।”

পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল হক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন ভুঁইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, উপজেলা শ্রমিক দলের সভাপতি আল আমিন ভূঁইয়া এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন সোহেলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন