রবিবার
৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্রলীগ নেতার বৌভাতে আ.লীগ–বিএনপি নেতাদের মিলনমেলা

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ৩১ মে ২০২৬, ১০:২৩ পিএম
ছাত্রলীগ নেতার বৌভাতে আ.লীগ–বিএনপি নেতারা
expand
ছাত্রলীগ নেতার বৌভাতে আ.লীগ–বিএনপি নেতারা

হবিগঞ্জের মাধবপুরে এক ছাত্রলীগ নেতার বৌভাত অনুষ্ঠানে আওয়ামী লীগ ও বিএনপির নেতাদের একসঙ্গে উপস্থিতির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ছবিগুলো ঘিরে এলাকাজুড়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা।

রোববার (৩১ মে) উপজেলার চৌমুহনী ইউনিয়নের মঙ্গলপুর গ্রামে ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন আহমেদের ছেলে ও ছাত্রলীগ নেতা শান্ত ভূঁইয়ার বৌভাত অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সুমন চৌধুরী, বিএনপি নেতা ফরিদুর রহমান, সোহেল মাহমুদ, আবদাল শাহ এবং ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি তাসাদ্দুক আহমেদসহ উভয় দলের একাধিক নেতাকে একসঙ্গে দেখা যায়।

জানা যায়, অনুষ্ঠানের ছবি আওয়ামী লীগ নেতা ও শিক্ষক তাছাউদ্দিন আহমেদ এবং বিএনপি নেতা সোহেল মাহমুদসহ কয়েকজন তাদের ব্যক্তিগত ফেসবুক আইডিতে শেয়ার করলে তা দ্রুত ছড়িয়ে পড়ে। পরে বিষয়টি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দেয়।

স্থানীয়দের একাংশের মতে, রাজনৈতিক মতপার্থক্য ভুলে সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ সম্প্রীতি ও সৌহার্দ্যের ইতিবাচক বার্তা বহন করে। তবে অন্য একটি অংশের দাবি, রাজনৈতিক মাঠে যে বিভাজন ও অবস্থান দেখা যায়, এমন ছবি তার সঙ্গে সাংঘর্ষিক।

নাম প্রকাশে অনিচ্ছুক এক আওয়ামী লীগ নেতা বলেন, “কিছু আওয়ামী লীগ নেতার সঙ্গে বিএনপি নেতাদের ব্যক্তিগত ও সামাজিক সম্পর্ক স্বাভাবিক থাকলেও সবার ক্ষেত্রে একই চিত্র দেখা যায় না।”

অন্যদিকে বিএনপির নেতারা বলছেন, এটি একটি সম্পূর্ণ সামাজিক ও পারিবারিক অনুষ্ঠান। এখানে রাজনৈতিক পরিচয়ের চেয়ে সামাজিক সম্পর্কই মুখ্য। এমন অনুষ্ঠানে অংশগ্রহণকে রাজনৈতিকভাবে ব্যাখ্যা করার সুযোগ নেই বলেও তারা মন্তব্য করেন।

এ বিষয়ে ছাত্রলীগ নেতা শান্ত ভূঁইয়ার বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে তার ঘনিষ্ঠ সূত্র জানায়, বর্তমানে তিনি প্রবাসে অবস্থান করছেন এবং সক্রিয় রাজনীতিতে তেমন সম্পৃক্ত নন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন