

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, “চিকিৎসা পেশা কেবল একটি সাধারণ পেশা নয়, এটি মানবসেবার এক মহান ব্রত। তাই নবীন চিকিৎসকদের মানবিক গুণাবলিসম্পন্ন ও সহমর্মী হয়ে দেশের অবহেলিত ও সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে।”
রোববার (৩১ মে) যশোর মেডিকেল কলেজ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন আয়োজিত ঈদ পুনর্মিলনী, নবীন বরণ, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী অমিত বলেন, “যশোরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত ৫০০ শয্যার আধুনিক হাসপাতাল নির্মাণে সরকার বদ্ধপরিকর। এই প্রকল্প বাস্তবায়িত হলে একদিকে সাধারণ মানুষের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত হবে, অন্যদিকে মেডিকেল শিক্ষার্থীদের মানসম্মত ব্যবহারিক শিক্ষার সুযোগ আরও বিস্তৃত হবে।”
নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা কঠোর প্রতিযোগিতার মধ্য দিয়ে নিজেদের মেধার প্রমাণ দিয়ে এখানে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন। শুধু দক্ষ চিকিৎসক হলেই হবে না, দেশ ও সমাজের প্রতি দায়বদ্ধ একজন ভালো মানুষ হিসেবেও নিজেকে গড়ে তুলতে হবে।”
তিনি আরও বলেন, “শিক্ষকদের যথাযথ সম্মান করতে হবে এবং জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে নিজেদের ক্রমাগত সমৃদ্ধ করতে হবে।”
ড্যাব যশোর জেলা শাখার উপদেষ্টা ডা. মেজবাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সৈয়দ সাবেরুল হক সাবু ও দেলোয়ার হোসেন খোকন। এছাড়া উপস্থিত ছিলেন আবু হাসানাত আহসান হাবীব এবং হুসাইন শাফায়াত।
অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা স্মারক তুলে দেন প্রধান অতিথি।