রবিবার
৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জমির বিরোধে কিল-ঘুষি, প্রাণ গেল বৃদ্ধের

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ : ৩১ মে ২০২৬, ০১:২১ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরপাতা ইউনিয়নের পূর্ব চরপাতা এলাকায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে মো. হানিফ (৬২) নামে এক বৃদ্ধের মৃত্যুর ঘটনা ঘটেছে। রোববার সকালে এ ঘটনা ঘটে। নিহত হানিফ ওই এলাকার মৃত হাবিব উল্লাহর ছেলে।

নিহতের পরিবারের দাবি, জমি থেকে মাটি কাটাকে কেন্দ্র করে প্রতিবেশী আবদুল বারেকের সঙ্গে বিরোধের জেরে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে।

নিহতের ছেলে রিপন জানান, তাদের নিজস্ব জমি থেকে মাটি কাটার সময় আবদুল বারেক ওই জমি নিজের দাবি করে বাধা দেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। পরিস্থিতি শান্ত করতে তার বাবা জমির কাগজপত্র এনে বসে বিষয়টি মীমাংসার প্রস্তাব দেন। কিন্তু এতে ক্ষিপ্ত হয়ে আবদুল বারেক তাকে গালিগালাজ করেন এবং একপর্যায়ে কিল-ঘুষি মারতে থাকেন। মারধরের এক পর্যায়ে হানিফ মাটিতে লুটিয়ে পড়ে অচেতন হয়ে যান।

পরে স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. সাইফুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মিয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন