শনিবার
৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

বগুড়া প্রতিনিধি
প্রকাশ : ৩০ মে ২০২৬, ০৭:৩৩ এএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

বগুড়ার কাহালু উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন বন্ধু নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

শুক্রবার (২৯ মে) সন্ধ্যায় উপজেলার বীরকেদার ইউনিয়নের বারোমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নওগাঁ সদর উপজেলার খাস নওগাঁ এলাকার আবুল কালাম আজাদের ছেলে মো. রাহিম (২১), চকদেব নুনিয়াপট্টি এলাকার ইউসুফের ছেলে অপূর্ব (১৮) এবং একই এলাকার সুরুজের ছেলে প্রেম (২০)। তারা পরস্পরের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, হালকা বৃষ্টির মধ্যে নওগাঁ থেকে একটি মোটরসাইকেলে করে তিন বন্ধু বগুড়ার দিকে যাচ্ছিলেন। পথে বারোমাইল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। অপর মোটরসাইকেলে থাকা দুইজন গুরুতর আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহতদের মোটরসাইকেলটি দ্রুতগতিতে চলছিল এবং বিকট শব্দ করে আঁকাবাঁকা পথে চালানো হচ্ছিল। খবর পেয়ে কাহালু ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কাহালু থানার উপপরিদর্শক (এসআই) ব্রজেন মাহাতো জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন