শনিবার
৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শরীয়তপুরে ককটেল বিস্ফোরণে শিশুর কব্জি বিচ্ছিন্ন

শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ : ২৯ মে ২০২৬, ১০:৫৪ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

শরীয়তপুরের জাজিরায় মরিচ ক্ষেতে পড়ে থাকা পরিত্যক্ত ককটেল বোমা হাতে তুলে নেওয়ার পর বিস্ফোরণে গুরুতর আহত হয়েছে ১০ বছর বয়সী এক শিশু। বিস্ফোরণের তীব্রতায় শিশুটির হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়।

শুক্রবার (২৯ মে) সকাল পৌনে ১০ টায় উপজেলার চরধুপুর চর কান্দি এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

আহত শিশু রাহাত মাদবর উপজেলার চরধুপুর চর কান্দি এলাকার সামসু মাদবরের ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সকালে বাড়ির পাশের একটি পরিত্যক্ত ভিটায় লাগানো মরিচ ক্ষেত থেকে মরিচ আনতে যায় রাহাত। এসময় বাবুল মাদবরের ভিটার মধ্যে পড়ে থাকা ককটেল সদৃশ একটি বস্তু দেখতে পেয়ে সেটি হাতে নিয়ে নাড়াচাড়া করতে থাকে। একপর্যায়ে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে রাহাতের হাতের কব্জি ছিটকে পড়ে যায় এবং ঘটনাস্থল রক্তে ভেসে যায়।

বিস্ফোরণের শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে এসে গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এ বিষয়ে আহত রাহাতের ছোট চাচা বাবুল মাদবর বলেন, জমিজমা নিয়ে প্রতিবেশীদের সঙ্গে দীর্ঘদিন ধরে আমাদের বিরোধ চলছে। কে বা কারা ওই ককটেল সেখানে রেখে গেছে, সেটি তদন্ত করে বের করা প্রয়োজন।

এ ব্যাপারে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহম্মেদ বলেন, শিশুটি কুড়িয়ে পাওয়া ককটেলটি খোলার চেষ্টা করলে সেটি বিস্ফোরিত হয়ে মারাত্মকভাবে আহত হয়। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে আইনি পদক্ষেপ নেয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন