

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পবিত্র ঈদুল আজহা ঘিরে অন্য বছরের মতো এবারও নানা প্রস্তুতি ছিল মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার সেরাজাবাদ গ্রামের মো. আরিফ হোসেন আকাইদদের পরিবারে। নতুন অতিথিকে ঘিরে ছিল বাড়তি আনন্দও। পরিবারের সদস্যরা অপেক্ষায় ছিলেন তিন দিনের নবজাতক কন্যাকে নিয়ে প্রথম ঈদ উদ্যাপনের। কিন্তু সেই আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছে গভীর শোকে।
রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ছয় নবজাতকের একজন ছিল আরিফ হোসেন আকাইদের মেয়ে। বুধবার (২৭ মে) বাদ মাগরিব সেরাজাবাদ মাদরাসা মাঠে শিশুটির জানাজা অনুষ্ঠিত হয়। পরে সেরাজাবাদ সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
পরিবারের সদস্যরা জানান, সন্তান জন্মের খবর ঘিরে পুরো পরিবারে উৎসবের আবহ তৈরি হয়েছিল। নবজাতককে নিয়ে ঈদের কেনাকাটাও করেছিলেন কেউ কেউ। শিশুটির মা হাসপাতালে ভর্তি হওয়ার পর পরিবারের সবাই অপেক্ষায় ছিলেন সুস্থভাবে মা ও সন্তানকে বাড়িতে ফিরিয়ে আনার। কিন্তু সকালে বাড়ি ফেরার পরিবর্তে আসে মৃত্যুর খবর।
শিশুটির বাবা মো. আরিফ হোসেন আকাইদ বলেন, “আমার মেয়েকে কোলে নিয়ে বাড়ি ফিরব, এটাই ছিল সবচেয়ে বড় আনন্দ। এখন সেই ঘরটাই খালি। ঈদ আমাদের জন্য আর আনন্দের নেই।”
স্থানীয় বাসিন্দারা জানান, ঈদের আগে এমন ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিশুটির জানাজায় আত্মীয়স্বজন, প্রতিবেশী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, গর্ভবতী অবস্থায় শিশুটির মাকে মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে শিশুটির জন্ম হয়। পরিবারের দাবি, জন্মের পর শিশুটি সুস্থ ছিল এবং সকালে হাসপাতাল ছাড়ার কথাও ছিল। তবে অভিযোগ রয়েছে, হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে এসি বন্ধ থাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। এর জেরেই ওই শিশুসহ ছয় নবজাতকের মৃত্যু হয়েছে বলে পরিবারের অভিযোগ।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।