

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পবিত্র ঈদুল আজহাকে ঘিরে উৎসবমুখর পরিবেশে যশোরজুড়ে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। জেলার আটটি উপজেলার ৯৩টি ইউনিয়নের প্রায় সাড়ে ছয় হাজার মসজিদ ও ঈদগাহে ধর্মপ্রাণ মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেন। সকাল থেকেই বিভিন্ন ঈদগাহ ও মসজিদে মুসল্লিদের উপস্থিতিতে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
ইসলামিক ফাউন্ডেশন যশোর কার্যালয় সূত্রে জানা গেছে, প্রতিবছরের মতো এবারও জেলার কেন্দ্রীয় ঈদগাহসহ গুরুত্বপূর্ণ মসজিদ ও ঈদগাহগুলোতে একাধিক জামাত অনুষ্ঠিত হয়। যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে প্রথম জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৭টায় এবং দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৮টায়। এছাড়া রেলগেট জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র, কারবালা জামে মসজিদ, ওয়াপদা কলোনি জামে মসজিদ, পিটিআই জামে মসজিদ ও বায়তুল মামুর জামে মসজিদসহ জেলার বিভিন্ন স্থানে নির্ধারিত সময়ে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
সদর উপজেলার পাশাপাশি কেশবপুর, ঝিকরগাছা, মনিরামপুর ও শার্শা উপজেলার কেন্দ্রীয় ঈদগাহগুলোতেও সকাল ৭টা থেকে সাড়ে ৮টার মধ্যে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
যশোর কেন্দ্রীয় ঈদগাহের প্রধান জামাতে অংশ নেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
এসময় প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, “পবিত্র ঈদুল আজহা ত্যাগ, ভ্রাতৃত্ব ও মানবতার শিক্ষা দেয়। এবারের ঈদ সবার জীবনে বয়ে আনুক খুশি, আনন্দ ও শান্তি। কিন্তু অসচেতনতার কারণে অনেক সময় সেই আনন্দ শোকে পরিণত হয়। বিশেষ করে নাম্বারবিহীন মোটরসাইকেল ও হেলমেটবিহীন চালকদের কারণে সড়কে দুর্ঘটনা বাড়ছে। একটি দুর্ঘটনা একটি পরিবারের সারাজীবনের কান্নার কারণ হতে পারে।”
তিনি আরও বলেন, “ঈদের সময় ঘরমুখো মানুষের চাপ বাড়ে। এসময় তরুণদের বেপরোয়া মোটরসাইকেল চালানো থেকে বিরত থাকতে হবে। নিজের ও পরিবারের নিরাপত্তার স্বার্থে সবাইকে ট্রাফিক আইন মেনে চলতে হবে। সচেতনতা বাড়লে দুর্ঘটনাও কমবে এবং ঈদের আনন্দ নিরাপদভাবে সবার মাঝে ছড়িয়ে পড়বে।”