মঙ্গলবার
২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বৈষম্যবিরোধী নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, ঘটনাস্থলে প্রতিমন্ত্রী

যশোর প্রতিনিধি
প্রকাশ : ২৬ মে ২০২৬, ০১:১৭ পিএম
expand
বৈষম্যবিরোধী নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, ঘটনাস্থলে প্রতিমন্ত্রী

যশোর শহরের খোলাডাঙ্গা কদমতলা মোড় এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রাশেদ খানের বাড়িতে হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হামলার পর ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ নিতে মঙ্গলবার (২৬ মে) সকালে রাশেদ খানের বাসায় যান বাংলাদেশ সরকারের জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জননেতা অনিন্দ্য ইসলাম অমিত।

অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার (২৫ মে) রাত আনুমানিক ৯টায় জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে প্রতিবেশী মনা, ইমন, জুলি খাতুনসহ কয়েকজন দেশীয় অস্ত্র, ধারালো দা ও কুড়াল নিয়ে রাশেদ খানের বাড়ির পাশের দোকানের সামনে এসে গালিগালাজ শুরু করে।

এ সময় বাধা দিতে গেলে রাশেদ খানকে এলোপাতাড়ি মারধর করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

এছাড়াও হামলাকারীরা তার ব্যবসাপ্রতিষ্ঠান ও বাড়ির প্রাচীর ভাঙচুর করে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি করেছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

রাশেদ খানের দাবি, অভিযুক্তদের মধ্যে দুজন ধারালো কুড়াল নিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে তেড়ে আসে। পরে তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

ঘটনার পর রাশেদ খান যশোর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

তিনি জানান, হামলার পরও অভিযুক্তরা তাকে ও তার পরিবারকে নিয়মিত হুমকি দিয়ে যাচ্ছে। এতে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।

হামলার ঘটনার পর মঙ্গলবার সকালে ঢাকা থেকে যশোরে পৌঁছেই রাশেদ খানের বাসায় যান প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে পুলিশ প্রশাসনকে নির্দেশনা দেন।

এ সময় জেলা পরিষদ যশোরের প্রশাসক দেলোয়ার হোসেন খোকনসহ জেলা বিএনপির বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

রাশেদ খান বলেন, দুঃসময়ে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত পাশে দাঁড়ানোয় আমরা সাহস পেয়েছি। আমরা হামলাকারীদের বিচার চাই।

এ বিষয়ে পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ পাওয়ার পর ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন