

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চট্টগ্রামের জঙ্গল সলিমপুর এলাকায় র্যাবের অস্থায়ী ক্যাম্পে সন্ত্রাসী হামলা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী শক্ত অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের পুলিশ সুপার (এসপি) মাসুদ আলম। তিনি বলেছেন, জঙ্গল সলিমপুরে আইনশৃঙ্খলা রক্ষা করা, এই জনপদের শান্তিশৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসা এবং এখানে রাষ্ট্রের ভেতরে আরেক রাষ্ট্র হতে না দেয়া। এ জন্য আমাদের যা যা করণীয় তা করব।
সোমবার (২৫ মে) সকালে জঙ্গল সলিমপুরে আলীনগর এলাকায় সাংবাদিক এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে স্থাপিত র্যাব ক্যাম্পে সন্ত্রাসী হামলা প্রতিরোধ করতে র্যাব সদস্যরা চায়নিজ রাইফেল, শটগানসহ অন্যান্য অস্ত্র দিয়ে ১০৪টি গুলি ছুড়েছেন। অত্যন্ত শক্তভাবে সন্ত্রাসীদের প্রতিরোধ করা হয়েছে। ফলে তারা ক্যাম্পের ভেতরে প্রবেশ করতে পারেনি। র্যাবের কেউ আহতও হননি।
মাসুদ আলম বলেন, ‘আমাদের জঙ্গল সলিমপুরে দুটি অস্থায়ী ক্যাম্প আছে। একটি ছিন্নমূলে, আরেকটি আলীনগরে। আলীনগরে বর্তমানে একটি স্কুলে আমাদের ক্যাম্প আছে। সেখানে র্যাব, পুলিশ, এপিবিএন ও আরআরএফ সদস্যরা রয়েছেন। এর কিছু দূরে আমাদের নতুন একটি ক্যাম্প নির্মাণাধীন। সেই ক্যাম্পে এখনো ফোর্স ওঠেনি।’
তিনি বলেন, হামলাকারীদের মূল লক্ষ্য ছিল ওই এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান দুর্বল করা এবং ক্যাম্প স্থাপন বাধাগ্রস্ত করা। এ জন্য তারা রাস্তা কেটে যোগাযোগ বিচ্ছিন্ন করার চেষ্টা করে এবং অস্ত্র ব্যবহার করে হামলা চালায়।
তিনি আরও বলেন, ‘হামলায় তারা কিছু আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে। এর জবাবে এখানকার ক্যাম্পের ফোর্স যারা ছিলেন, ওনারাও পাল্টা জবাব দেন। ফোর্সরা চায়নিজ রাইফেল, শটগান, গ্যাসসহ সব মিলিয়ে ১০৪ রাউন্ড গুলি ছুড়েছে। শক্তভাবে প্রতিরোধ করায়, যার কারণে আমাদের ফোর্সদের কোনও ধরনের বা কেউ আহত হয়নি। এটা ছাড়া ওরা বুলডোজার দিয়ে আমাদের ক্যাম্পের কিছু অংশ ভেঙে ফেলেছে।’
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শক্ত প্রতিরোধে সন্ত্রাসীরা পরে শেষ রাতের দিকে ভোর ৪টা নাগাদ এলাকা থেকে পিছু হটতে বাধ্য হয় বলে জানান এসপি মাসুদ।
এসপি মাসুদ বলেন, ‘জঙ্গল সলিমপুর একটা বড় স্বার্থের জায়গা। এখানে তাদের কোটি কোটি টাকার এই সাম্রাজ্য যখন হাতছাড়া হয়ে যাচ্ছে, সেটার আগে তারা একটু ঝাঁকুনি দিচ্ছে আরকি। তবে তারা যতই ঝাঁকুনি দিক, এখানে আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান থাকবে, সামনে আরও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এখানে যোগ হবে। আমাদের পেছানোর কোনও সুযোগ নাই।’
প্রসঙ্গত, সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরের আলীনগর এলাকায় গভীর রাতে র্যাবের অস্থায়ী ক্যাম্পে (চৌকি) অতর্কিত হামলা ও গুলিবর্ষণ করে স্থানীয় সন্ত্রাসী ‘ইয়াসিন বাহিনী’র সদস্যরা। হামলাকারীরা গুলি ছোড়ার পাশাপাশি বুলডোজার চালিয়ে ক্যাম্পের দেয়ালসহ বিভিন্ন অবকাঠামো গুঁড়িয়ে দিয়েছে। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রবেশ ঠেকাতে মহাসড়ক ও সংযোগ সড়কের অন্তত তিনটি স্থানে কালভার্ট এবং রাস্তা কেটে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়।
রোববার দিবাগত রাত দুইটার দিকে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। তবে সব বাধা ও প্রতিবন্ধকতা পেরিয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছে পাল্টা প্রতিরোধ গড়ে তোলে র্যাব। এ সময় ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
