বৃহস্পতিবার
২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রাঙ্গাবালীতে গ্রাম্য ডাক্তারের বাড়িতে ডাকাতি, আটক ১

‎রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ২০ মে ২০২৬, ০৬:২৮ পিএম আপডেট : ২০ মে ২০২৬, ০৬:৪৫ পিএম
ছবি: এনপিবি নিউজ
expand
ছবি: এনপিবি নিউজ

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় এক পল্লী চিকিৎসকের বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দলের হামলায় গৃহকর্তা রাসেল হাওলাদার ও তার স্ত্রী আহত হয়েছেন। এসময় নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোনসহ কয়েক লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।

মঙ্গলবার (২০ মে) দিবাগত গভীর রাতে উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের গহীনখালী গ্রামের ৪ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী রাসেল হাওলাদারের ভাই মো. হাসানাইন আহমেদ রাব্বী বাদী হয়ে রাঙ্গাবালী থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, রাত আনুমানিক ২টার দিকে ৪ থেকে ৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল ঘরের পশ্চিম পাশের জানালার কাঠ ভেঙে ঘরে প্রবেশ করে। পরে তারা গৃহকর্তা রাসেল হাওলাদারকে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে হাত-পা ও চোখ বেঁধে ফেলে। এসময় তাকে মারধর ও কুপিয়ে আহত করা হয়। ডাকাতদের হামলায় রাসেলের স্ত্রীও আহত হন।

একপর্যায়ে ডাকাতরা ঘরে থাকা প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা, ২ ভরির বেশি স্বর্ণালংকার, একাধিক মোবাইল ফোন ও অন্যান্য মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

পরিবারের সদস্যদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে ডাকাত দল দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে আহতদের উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে রাসেল হাওলাদার চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর বুধবার সকালে অভিযান চালিয়ে একই এলাকা থেকে রুবেল নাগর (৩৫) নামের এক যুবককে আটক করেছে রাঙ্গাবালী থানা পুলিশ।

‎রাঙ্গাবালী থানার তদন্ত কর্মকর্তা ওসি ইলিয়াস জানান, এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন