বৃহস্পতিবার
২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সাতছড়ি জাতীয় উদ্যানে দেদারসে চলছে বন্যপ্রাণী শিকার

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২০ মে ২০২৬, ০৯:৪৪ এএম
সাতছড়ি জাতীয় উদ্যান নামফলক ।। ফাইল ছবি
expand
সাতছড়ি জাতীয় উদ্যান নামফলক ।। ফাইল ছবি

হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যান ও আশপাশের বিভিন্ন চা বাগানে দেদারসে বন্যপ্রাণী ও পাখি শিকারের অভিযোগ উঠেছে। বন বিভাগের জনবল সংকট ও পর্যাপ্ত নজরদারির অভাবে এসব অপরাধ দমন কঠিন হয়ে পড়েছে বলে দাবি স্থানীয়দের।

জানা যায়, সাতছড়ি জাতীয় উদ্যান সংলগ্ন চন্ডীছড়া চা বাগান, মাধবপুরের শাহজীবাজারের রাবার বাগান এবং তেলমাছড়া বনভূমিতে একটি সক্রিয় শিকারি চক্র দীর্ঘদিন ধরে বন্যপ্রাণী শিকার করে আসছে।

অভিযোগ রয়েছে, স্থানীয় কিছু চা শ্রমিক ও শিকারিরা দল বেঁধে তীর-ধনুক নিয়ে বন ও বাগানে প্রবেশ করে বন্য শুকর, মায়া হরিণ, বনমোরগসহ বিভিন্ন প্রজাতির পাখি শিকার করছে। অনেক ক্ষেত্রে তীরবিদ্ধ প্রাণীগুলো আহত অবস্থায় জঙ্গলে পালিয়ে গিয়ে ধুঁকে ধুঁকে বিনা চিকিৎসায় মারা যাচ্ছে।

এলাকায় আহত বন্যপ্রাণীর চিকিৎসার জন্য কোনো উদ্ধার বা চিকিৎসা কেন্দ্র না থাকায় পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে।

এদিকে, সম্প্রতি বন্যপ্রাণী অপরাধ ও উদ্ধার কার্যক্রমে অনিয়মের অভিযোগে একটি বিষয় হবিগঞ্জ জেলা প্রশাসন থেকে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ বিন কাসেমের কাছে তদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে তদন্তের দৃশ্যমান অগ্রগতি না থাকায় প্রশাসনের অবহেলায় বন্যপ্রাণী শিকার দিন দিন বাড়ছে বলে অভিযোগ স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর।

হবিগঞ্জ বন বিভাগের বন্যপ্রাণী ও জীববৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা সাবরিনা সিমু বলেন, ‘আমরা নিয়মিত আইন প্রয়োগ ও সচেতনতামূলক কার্যক্রম চালাচ্ছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

সিলেটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) আবুল কালাম আজাদ বলেন, ‘চা বাগানে বন্যপ্রাণী শিকারের বিষয়টি আমাদের নজরে এসেছে। ইতোমধ্যে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন