

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় দুই স্কুলছাত্রী আহত হওয়ার ঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থী ও স্থানীয়রা। এতে ঢাকা অভিমুখী সড়কে প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়ে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।মঙ্গলবার (বিকেল ৪টা) উপজেলার বাঁশবাড়িয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, স্কুল ছুটির পর বাড়ি ফিরছিল বাঁশবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় একটি পিকআপ ভ্যানের ধাক্কায় অষ্টম শ্রেণির মুনতাহা (১৪) ও সপ্তম শ্রেণির নওরিন (১৩) আহত হয়। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলতাফ হোসেন জানান, মুনতাহার মাথায় গুরুতর আঘাত লাগায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে অ্যাম্বুলেন্সে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপরদিকে নওরিনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
দুর্ঘটনার পরপরই ক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসী মহাসড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। তাদের অভিযোগ, সড়কের পাশে অবৈধভাবে বাঁশের গাদা রাখার কারণে রাস্তা সংকুচিত হয়ে পড়েছে, যা দুর্ঘটনার মূল কারণ।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, দীর্ঘদিন ধরে মহাসড়কের পাশে এভাবে বাঁশ রাখার কারণে পথচারী ও শিক্ষার্থীদের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছিল। ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ওই বাঁশ মহাসড়কে এনে আগুন ধরিয়ে দেয়। এর ফলে প্রায় দেড় ঘণ্টা ধরে ঢাকা অভিমুখী যান চলাচল বন্ধ থাকে এবং মহাসড়কের বিভিন্ন অংশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত বিক্ষোভকারীরা মহাসড়কে অবস্থান করছিল বলে জানা গেছে।