বৃহস্পতিবার
২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে অবৈধ ইটভাটা ও সীসা কারখানায় অভিযান

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৯ মে ২০২৬, ০৬:৩২ পিএম
চাঁপাইনবাবগঞ্জে অবৈধ ইটভাটা ও সীসা কারখানার বিরুদ্ধে মোবাইল কোর্ট
expand
চাঁপাইনবাবগঞ্জে অবৈধ ইটভাটা ও সীসা কারখানার বিরুদ্ধে মোবাইল কোর্ট

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় অবৈধ ইটভাটা ও সীসা কারখানার বিরুদ্ধে যৌথভাবে মোবাইল কোর্ট পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। অভিযানে ৭টি অবৈধ ইটভাটাকে মোট ২৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ইটভাটার কিলন ধ্বংস করা হয়। এছাড়া একটি অবৈধ সীসা কারখানাকে ১ লাখ টাকা জরিমানা করে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) পরিবেশ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে জেলা প্রশাসন, জেলা পুলিশ, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এবং র‌্যাব-৫ এর সহযোগিতায় সদর উপজেলার মরা পাগলা এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

জানা গেছে, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর বিভিন্ন ধারায় ৭টি অবৈধ ইটভাটার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এসব মামলায় মোট ২৫ লাখ টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। একইসঙ্গে পরিবেশের জন্য ক্ষতিকর হওয়ায় একটি ইটভাটার কিলন ভেঙে দেওয়া হয়।

অভিযানে আরও দেখা যায়, সদর উপজেলার ফুলতলা কোচলাপাড়া এলাকায় অবস্থিত “মেসার্স আলতা প্লাস্টিক এন্ড মেটাল” নামে একটি অবৈধ সীসা তৈরির কারখানা পরিবেশগত ছাড়পত্র ছাড়াই কার্যক্রম পরিচালনা করছে। পরে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী কারখানাটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি নেসকো-১ চাঁপাইনবাবগঞ্জের সহযোগিতায় কারখানাটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইংয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রেজাওয়ান-উল-ইসলাম। এসময় পরিবেশ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবু সাঈদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ দূষণ রোধ ও পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন