বৃহস্পতিবার
২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ধানক্ষেত থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

আমতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ : ১৯ মে ২০২৬, ০৪:৩০ পিএম
আমতলীতে ধানক্ষেত থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার।
expand
আমতলীতে ধানক্ষেত থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার।

বরগুনার আমতলী উপজেলার ৪ নং হলদিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সোনাউটার হিন্দু পাড়া এলাকার বাইন বাড়ি সংলগ্ন ধানক্ষেত থেকে এক অজ্ঞাত পরিচয় নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকায় চাঞ্চল্য ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে সোনাউটার হিন্দু পাড়া এলাকার বাইন বাড়ি সংলগ্ন একটি ধানক্ষেতে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশকে জানানো হয়। খবর পেয়ে আমতলী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে তদন্ত কার্যক্রম শুরু করে।

ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, উদ্ধার হওয়া নারীকে এলাকার কেউ চিনতে পারেননি। ফলে ওই নারীর পরিচয়, তিনি কোথা থেকে এসেছেন এবং কীভাবে সেখানে তার মরদেহ পাওয়া গেল—এসব প্রশ্ন এখন স্থানীয়দের মধ্যে নানা রহস্য ও কৌতূহলের জন্ম দিয়েছে।

এ বিষয়ে ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ হারুন-অর-রশিদ খান বলেন, আমি সকালে অফিসের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। এ সময় একটি ফোন পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে দেখি ধান ক্ষেতের ওপর এক নারীর মরদেহ পড়ে আছে। আমরা এলাকার কেউই ওই মহিলাকে চিনতে পারিনি। পরে থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়।

এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মো. হাসনাইন পারভেজ বলেন, “মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এটি স্বাভাবিক মৃত্যু, দুর্ঘটনা নাকি অন্য কোনো ঘটনার সঙ্গে জড়িত—বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ জানিয়েছে, মৃত নারীর পরিচয় শনাক্ত এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন