

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জামালপুরের মাদারগঞ্জ উপজেলার জোড়খালি ইউনিয়নে গর্তে জমে থাকা পানিতে ডুবে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলার বেতেগা বড় বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ইয়ামিন ওই এলাকার জাহিদুল ইসলামের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, সকাল ৮টার দিকে শিশু ইয়ামিনের মা রান্নাঘরে কাজ করছিলেন। এসময় শিশুটি বাড়ির উঠানে খেলা করছিল। সম্প্রতি বাড়ির কাজের প্রয়োজনে উঠানের পাশেই একটি গর্ত খুঁড়ে মাটি উত্তোলন করা হয়েছিল। বৃষ্টির কারণে সেই গর্তে পানি জমে ছিল। খেলার ছলে সবার অগোচরে শিশু ইয়ামিন ওই গর্তের পানিতে পড়ে তলিয়ে যায়।
পরবর্তীতে শিশুটিকে উঠানে দেখতে না পেয়ে মা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের ওই গর্তে ইয়ামিনকে ভাসমান অবস্থায় দেখতে পান তিনি।
পরে দ্রুত তাকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক ডা. মো. নাহিদুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া গেলে পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।