

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চাঁদপুর সদরের বালিয়া ইউনিয়নে মাদকের টাকা না পেয়ে মা জান্নাত বেগমকে (৪৮) কাঠের টুকরো দিয়ে মাথায় আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে নিজ সন্তান মো. রাকিব (২৪) এর বিরুদ্ধে।
রোববার (১৭ মে) দিনগত রাতে ওই ইউনিয়নের বালিয়া গ্রামের সাদেক খান বাড়িতে এই ঘটনা ঘটে।
সোমবার (১৮ মে) সকালে ঘটনাটি জানাজানি হলে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ অভিযুক্ত রাকিব ও তার ছোট ভাই রিফাতকে (১১) আটক করে।
জান্নাত বেগমের স্বামী আব্বাস খান। তিনি আরেকটি বিয়ে করেছেন। ওই স্ত্রীকে নিয়ে ঢাকায় থাকেন। গত দেড় বছর জান্নাত বেগমের সাথে তার যোগাযোগ নেই বলে জানান স্বজনরা।
বাড়ির লোকজন জানায়, মাদকাসক্ত রাকিব মাদক কেনার জন্য প্রায় সময়ই মাকে অত্যাচার করে আসছে। ঘটনা দিন রাতে মার কাছে মাদক কেনার জন্য টাকা দাবি করেন। টাকা না পেয়ে ক্ষিপ্ত হয়ে তিনি তার মা জান্নাত বেগমকে কাঠের টুকরো দিয়ে আঘাত করে ফেলে রেখে চলে যায়। অসুস্থ মা সেখানেই পড়ে থাকে। পরে ছেলে রাকিব সকালে এসে নাটক সাজিয়ে তার মার অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে বলে ডাক চিৎকার করতে থাকে।
এক পর্যায়ে বাড়ির লোকজন মৃত জান্নাত বেগমের মাথায় আঘাতের চিহ্ন দেখতে পেয়ে সন্দেহ হলে লোকজন তাৎক্ষণিক বিষয়টি পুলিশকে অবহিত করেন।
চাঁদপুর সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং অভিযুক্ত রাকিব ও তার ছোট ভাই রিফাতকে ঘটনাস্থল থেকে আটক করে থানায় নিয়ে আসে।
মৃত জান্নাত বেগমের ভাই মিলন ও এলাকাবাসীর দাবি ঘটনাটি একটি নেক্কার জনক। সন্তানের হাতে মায়ের খুন তাও আবার মাদকের টাকার জন্য, এটি কোনভাবেই মেনে নেয়া যায় না। এর সঠিক তদন্ত করে দোষী মাদকাসক্ত সন্তানের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন তারা।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, ঘটনাটি তদন্ত করছেন এসআই আওলাদ হোসেন। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আইনী ব্যবস্থা গ্রহণ শেষে আসামীকে আদালতে সোপর্দ করা হবে।