

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সুন্দরবনের অভয়ারণ্য এলাকায় বনবিভাগের গুলিতে জেলে নিহতের ঘটনাকে কেন্দ্র করে সাতক্ষীরার শ্যামনগরে বিক্ষোভে ফেটে পড়েছেন বনজীবী ও স্থানীয়রা। বিক্ষুব্ধ জনতা বনবিভাগের রেঞ্জ অফিস ও স্টেশন অফিসে হামলা, ভাঙচুর এবং বনকর্মীদের মারধরের ঘটনা ঘটিয়েছে। এতে অন্তত পাঁচ বনকর্মী আহত হয়েছেন।
সোমবার (১৮ মে) বিকেলে শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী এলাকায় বনবিভাগের সাতক্ষীরা রেঞ্জ অফিস ও পাশের স্টেশন অফিসে এ ঘটনা ঘটে।
আহত বনকর্মীরা হলেন— তপন, মেজবাহ, ফারুক, এখলাছুর ও ফায়জুর।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সুন্দরবনের অভয়ারণ্য এলাকায় বনবিভাগের গুলিতে নিহত জেলে আমিনুর রহমান গাজীর মরদেহ দুপুরে লোকালয়ে আনা হলে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিকেলে শত শত বনজীবী ও স্থানীয় বাসিন্দা লাঠিসোঁটা হাতে বুড়িগোয়ালিনীর বনবিভাগের রেঞ্জ অফিস ও স্টেশন অফিস ঘেরাও করেন। একপর্যায়ে তারা অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করেন এবং দায়িত্বরত বনকর্মীদের খুঁজে খুঁজে মারধর করেন।
খবর পেয়ে বিজিবি ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে আহত বনকর্মীদের উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ঘটনার পর বিকেল সাড়ে ৫টা পর্যন্ত বনবিভাগের অফিসের সামনেই নিহত আমিনুর রহমানের মরদেহ রাখা ছিল। এ সময় বিক্ষুব্ধ জনতা বনবিভাগের সদস্যদের বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাজীব ও শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা ফজলুল হক বলেন, আমরা মারাত্মক নিরাপত্তাহীনতায় ভুগছি। ইতোমধ্যে আমাদের পাঁচজন আহত হয়েছেন। অফিস ও ভেতরের বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করা হয়েছে।
এর আগে সোমবার সকাল ৭টার দিকে সুন্দরবনের খুলনা রেঞ্জের নলিয়ান স্টেশনের পাটকোস্টা হেলাবাসী অভয়ারণ্য এলাকায় কাঁকড়া আহরণের সময় বনবিভাগের স্মার্ট পেট্রোলিং টিমের গুলিতে জেলে আমিনুর রহমান গাজী নিহত হন বলে অভিযোগ ওঠে।
নিহত আমিনুর রহমান গাজী শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯ নম্বর সোরা গ্রামের মৃত আকছেদ গাজীর ছেলে।
নিহতের সহকর্মীদের অভিযোগ, তারা বৈধ পাস নিয়ে সুন্দরবনে কাঁকড়া আহরণে গিয়েছিলেন। এ সময় বনবিভাগের সদস্যরা থামার সংকেত দিলে কিছুটা গড়িমসি হওয়ায় নলিয়ান স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবারক তাদের লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে আমিনুর গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।
তবে এ ঘটনায় বনবিভাগের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।