

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের মুদাফফরগঞ্জ বাজার এলাকায় সরকারি জমি দখল করে গড়ে তোলা তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপদ (সওজ) বিভাগ। মহাসড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং যানজট নিরসনের লক্ষ্যে বুধবার দিনব্যাপী এই উচ্ছেদ অভিযান চালানো হয়।
বুধবার (১৩ মে) সকাল ১১টায় শুরু হওয়া এই অভিযানে বুলডোজার দিয়ে বাজার সংলগ্ন মহাসড়কের দুই পাশে গড়ে ওঠা ছোট-বড় অবৈধ দোকানপাট ও স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়। বিকেল পর্যন্ত চলা এই অভিযানে নেতৃত্ব দেন লাকসাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিলন চাকমা ও কুমিল্লা সওজের উপবিভাগীয় প্রকৌশলী মো. আদনান ইবনে আলম।
সওজ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মুদাফফরগঞ্জ বাজারের দুই পাশ দখল করে স্থায়ী ও অস্থায়ীভাবে এসব স্থাপনা গড়ে তোলা হয়েছিল। এতে মহাসড়ক সরু হয়ে আসায় প্রতিদিন তীব্র যানজট সৃষ্টি হতো এবং পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটত। অবৈধ স্থাপনা সরাতে স্থানীয় ব্যবসায়ীদের বারবার নোটিশ দেওয়া হলেও তারা তা আমলে নেননি। বাধ্য হয়ে কর্তৃপক্ষ উচ্ছেদ অভিযানে নামে।
অভিযানের বিষয়ে জানতে চাইলে কুমিল্লা সওজের উপবিভাগীয় প্রকৌশলী মো. আদনান ইবনে আলম বলেন, ‘মহাসড়কের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যানজটমুক্ত সড়ক গড়তে আমরা বদ্ধপরিকর। অবৈধ স্থাপনার মালিকদের বারবার সতর্ক করা সত্ত্বেও তারা জায়গা খালি করেননি। উচ্ছেদের মাধ্যমে মহাসড়কের সরকারি জমি উদ্ধার করা হয়েছে।’
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিলন চাকমা বলেন, জনদুর্ভোগ লাঘব ও মহাসড়কের শৃঙ্খলা ফেরাতে এই উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। সরকারি জমি দখলমুক্ত করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত মনিটরিং বজায় রাখা হবে। সরকারি জায়গায় পুনরায় স্থাপনা তৈরির চেষ্টা করা হলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, দীর্ঘদিন পর মহাসড়কটি দখলমুক্ত হওয়ায় স্থানীয় পথচারী ও যাত্রীসাধারণ স্বস্তি প্রকাশ করেছেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পুরো অভিযানে নিরাপত্তা নিশ্চিত করেন।