সোমবার
১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হাতিয়ায় এনসিপির উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র প্রার্থীর নাম ঘোষণা

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ১১ মে ২০২৬, ১০:১৫ এএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমর্থিত উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।

ঘোষণায় উপজেলা চেয়ারম্যান পদে হাতিয়া যুবশক্তির আহ্বায়ক ইউসুফ রেজা এবং হাতিয়া পৌরসভার মেয়র পদে পৌর এনসিপির আহ্বায়ক মহিবুর রহমান-এর নাম চূড়ান্ত করা হয়।

রোববার (১০ মে) বিকেলে এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক সারজিস আলম দলীয়ভাবে সমর্থিত ১০০ জন উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র প্রার্থীর তালিকা প্রকাশ করেন। ওই তালিকায় নোয়াখালী-৬ (হাতিয়া) আসনেও এই দুই প্রার্থীর নাম অন্তর্ভুক্ত করা হয়।

প্রার্থীদের নাম ঘোষণার পরপরই হাতিয়ার রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। স্থানীয় নেতাকর্মীদের মতে, এই ঘোষণার মধ্য দিয়ে এলাকায় নির্বাচনী পরিবেশ আরও প্রাণবন্ত হয়ে উঠেছে।

এদিকে দলীয় নেতাকর্মীরা জানিয়েছেন, প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে ইতোমধ্যে মাঠপর্যায়ে প্রচার-প্রচারণা ও সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করা হচ্ছে।

হাতিয়া যুবশক্তির সদস্য সচিব সাইফুল ইসলাম রাকিব বলেন, পরিবর্তনের ধারাবাহিকতায় হাতিয়ার মানুষ নতুন নেতৃত্বকে গ্রহণ করছে। তারই অংশ হিসেবে ইউসুফ রেজাকে উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি ভবিষ্যতে জনাব আব্দুল হান্নান মাসুদের নেতৃত্বে হাতিয়ার জনগণের সঙ্গে সমন্বিতভাবে কাজ করবেন বলে আমরা আশা করছি।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এনসিপির প্রার্থীদের আনুষ্ঠানিক ঘোষণা হাতিয়ার আসন্ন নির্বাচনে নতুন মাত্রা যোগ করবে এবং প্রতিযোগিতাকে আরও তীব্র করে তুলবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন