

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সড়কে চাঁদা আদায়ের অভিযোগ তুলে দিনাজপুর-ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করেছে ট্রাক শ্রমিকরা।
রোববার (১০ মে) সকাল ৭ টা থেকে দিনাজপুরে ট্রাক মালিক-শ্রমিক যৌথ পরিষদের উদ্যেগে এ কর্মসূচি পালিত হচ্ছে।
জেলা সদরের কলেজ মোড়, টার্মিনাল রোড, কাঞ্চন ব্রিজসহ শহরের বিভিন্ন প্রবেশপথে রাস্তা অবরোধ করে রেখেছেন তারা। এতে বাস চলাচলও বন্ধ রয়েছে। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
দিনাজপুর জেলা ট্রাক-ট্যাংকলরী, কাভার্ড ভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক (কলেজ মোড়) শাখার দেলোয়ার হোসেন জানান, গত একমাস যাবৎ শহরের বিভিন্ন রাস্তায় পৌরসভার নাম করে চাঁদা তোলা হচ্ছে। এই চাঁদা বন্ধের দাবিতে আমরা রাজপথে নেমেছি। সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত আমরা সড়ক অবরোধ কর্মসূচি চালিয়ে যাব।
সরেজমিন ঘুরে দেখা গেছে, সকাল সাতটা থেকে শুরু হওয়া অবরোধ এখনো চলছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন কর্মজীবীরা। বাস চলাচল বন্ধ থাকায় অনেকে অফিসে যেতে পারছেন না।
অন্যদিকে, গতমাসে ১২ তারিখে দিনাজপুর পৌরসভার দ্বায়িত্বে থাকা প্রশাসক রিয়াজউদ্দিনের সই করা চিঠিতে বলা হয়েছে, ট্রাক টার্মিনালে টোল আদায়ে ইজারাদার নিয়োগে স্থানীয় এবং জাতীয় দৈনিক সংবাদপত্রে গত জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ২ দফায় টেন্ডার আহ্বান করা হয়েছিল, কিন্তু কেউ দরপত্র দাখিল করেননি।
এর আগে, ২০ এপ্রিলে পৌরসভার আরেক চিঠিতে উল্লেখ করা হয়, টার্মিলালের খাস টোল আদায় করার জন্য পৌরসভার বাজার পরিদর্শক কর্মকর্তা মুস্তাফিজুর রহমান, আদায়কারী শামিম আহমেদ এবং ২ জন ট্রাক শ্রমিক রাশেদুজ্জামান রাশেদ ও শহিদ জামিলকে নিয়ে ৪ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।
ওই কমিটিকে টোল আদায়ে বাধা দেওয়া হচ্ছে। প্রতিবন্ধকতার কারণে ১৪৩২ বঙ্গাব্দে টোল আদায় করা যায়নি। এতে সরকার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরনবী জানান, সমস্যা সমাধানে আলোচনা চলছে।