বুধবার
০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হাতিয়ায় সিন্ডিকেট ভাঙতে ন্যায্যমূল্যে জ্বালানি তেল বিতরণ শুরু

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ০৬ মে ২০২৬, ০৯:৩৫ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় জ্বালানি তেলের কৃত্রিম সংকট নিরসন ও বাজার নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে সরকার নির্ধারিত মূল্যে অকটেন, পেট্রোল ও ডিজেল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। এতে দীর্ঘদিন পর ন্যায্যমূল্যে তেল কিনতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

বুধবার (৬ মে) সকালে হাতিয়ার জাহাজমারা উচ্চ বিদ্যালয় মাঠে এবং এর আগে হাতিয়া দ্বীপ সরকারি কলেজ মাঠে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল। এসময় বাংলাদেশ নৌবাহিনী, পুলিশ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

স্থানীয়দের অভিযোগ, দ্বীপের ভৌগোলিক অবস্থানের সুযোগ নিয়ে দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র কৃত্রিম সংকট সৃষ্টি করে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে লিটারপ্রতি ৩০০ থেকে ৩৫০ টাকা পর্যন্ত দামে পেট্রোল ও অকটেন বিক্রি করছিল। এতে পরিবহন ব্যয় বৃদ্ধি পাওয়ায় নিত্যপণ্যের দামেও প্রভাব পড়ছিল এবং সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছিল।

পরিস্থিতি স্বাভাবিক করতে উপজেলা প্রশাসন সরাসরি তেল বিতরণের সিদ্ধান্ত নেয়। প্রশাসন সূত্র জানায়, শৃঙ্খলা বজায় রাখতে প্রতিটি গাড়িকে সর্বোচ্চ ৩ লিটার করে তেল সরবরাহ করা হচ্ছে এবং কোনো ধরনের অতিরিক্ত চার্জ ছাড়া সরকার নির্ধারিত মূল্যে জ্বালানি দেওয়া হচ্ছে। পুরো কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে নৌবাহিনী সদস্যরা সার্বক্ষণিক দায়িত্বে নিয়োজিত রয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল বলেন, “হাতিয়ার মানুষকে জিম্মি করে যারা তেলের সংকট সৃষ্টি করেছে, তাদের সিন্ডিকেট ভাঙতেই প্রশাসনের এই উদ্যোগ। জনগণের ভোগান্তি কমাতে এ কার্যক্রম অব্যাহত থাকবে।”

তিনি আরও জানান, অসাধু ব্যবসায়ী, মজুতদার ও কালোবাজারিদের বিরুদ্ধে কঠোর নজরদারি চলছে এবং অনিয়ম ধরা পড়লে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ন্যায্যমূল্যে তেল পেয়ে স্থানীয়দের মাঝে ব্যাপক স্বস্তি ও সন্তুষ্টি দেখা গেছে। তারা আশা করছেন, এ উদ্যোগ পরিবহন ব্যয় কমাবে, বাজারে পণ্যের দাম স্থিতিশীল করবে এবং সামগ্রিকভাবে তাদের জীবনযাত্রায় ইতিবাচক প্রভাব ফেলবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন