বুধবার
২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

এক ঘণ্টায় বৃষ্টির পানিতে থৈ থৈ, বেঞ্চে পা তুলে পরীক্ষা দিচ্ছে পরীক্ষার্থীরা 

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ১১:৫৪ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

সোয়া এক ঘণ্টার ভারী বর্ষণে কুমিল্লা নগরী কার্যত অচল হয়ে পড়েছে। হঠাৎ নামা এই বৃষ্টিতে শহরের প্রধান সড়ক থেকে অলিগলি—সবখানেই সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে দুর্ভোগে পড়েছেন নগরবাসী, আর সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন এসএসসি পরীক্ষার্থীরা।

নগরীর ঈশ্বর পাঠশালা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দেখা যায়, শ্রেণিকক্ষে পানি ঢুকে পড়ায় পরীক্ষার্থীরা বেঞ্চে পা তুলে বসে পরীক্ষা দিচ্ছে।

কোথাও আবার পানি জমে যাওয়ায় দাঁড়িয়ে থেকেই খাতা লিখতে হয়েছে শিক্ষার্থীদের। একই সঙ্গে দায়িত্বে থাকা শিক্ষককেও চেয়ারে পা তুলে বসে থাকতে দেখা যায়।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ১০টা থেকে ১১টা ১৫ মিনিট পর্যন্ত টানা বৃষ্টিতে লাকসাম রোড, জেলা স্কুল রোড, রেসকোর্স, বিসিক এলাকা, কান্দিরপাড়-রাণীর বাজার, অশোকতলা, ছাতিপট্টি, শুভপুরসহ নগরীর বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে যায়। অনেক সড়কে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

বৃষ্টির সঙ্গে ঝড় শুরু হলে বেশ কয়েকটি পরীক্ষাকেন্দ্রে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। তখন মোমবাতি ও চার্জলাইট জ্বালিয়ে পরীক্ষা নেওয়া হয়। কোথাও কোথাও কেন্দ্রের ভেতরে পানি ঢুকে পড়ায় শিক্ষার্থীদের চরম দুর্ভোগে পড়তে হয়।

পরীক্ষা শেষে এক অভিভাবক হারুনুর রশিদ বলেন, ‘পরীক্ষা শুরু হওয়ার কিছুক্ষণ পরই বিদ্যুৎ চলে যায়। পরে মোমবাতির আলোয় পরীক্ষা চলে। এরপর বৃষ্টির পানি ঢুকে পড়ে। অনেক শিক্ষার্থী পানির মধ্যে দাঁড়িয়ে পরীক্ষা দিয়েছে।’

শুধু পরীক্ষা কেন্দ্র নয়, নগরীর বিভিন্ন বাসাবাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠানেও পানি ঢুকে পড়ে। এতে সাধারণ মানুষ ও কর্মজীবী মানুষের দুর্ভোগ বেড়ে যায়। পরীক্ষা শেষে অনেক শিক্ষার্থীকে হাঁটু থেকে কোমরসমান পানি পেরিয়ে বাসায় ফিরতে দেখা যায়।

সিটি করপোরেশন সূত্র জানায়, গত কয়েক বছরে প্রায় এক হাজার কোটি টাকা ব্যয়ে সড়ক ও ড্রেন নির্মাণ করা হলেও জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান হয়নি। প্রায় ১০০ কিলোমিটার এলাকায় বক্স ড্রেন নির্মাণ করেও পানি নিষ্কাশন কার্যকর হয়নি।

এ বিষয়ে কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, এই জলাবদ্ধতা দীর্ঘদিনের সমস্যা। অতীতের অব্যবস্থাপনার কারণে এ পরিস্থিতি তৈরি হয়েছে। সমস্যার কারণ চিহ্নিত করে স্থায়ী সমাধানে কাজ চলছে।

কুমিল্লা আবহাওয়া কার্যালয় জানিয়েছে, সোয়া এক ঘণ্টায় ১০২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী দুই দিনও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন