

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নারায়ণগঞ্জের ফতুল্লায় জেলা কারাগারের পাশে ঝুটের গোডাউন, তেলের গুদাম ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জ সদর ও শিবু মার্কেট স্টেশনের ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও ইউনিট যোগ হয়ে মোট ৮টি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়। রাত ৮টা ১১ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে একটি ঝুটের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। পরে দ্রুত আশপাশের দোকানপাট ও গুদামে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী প্রথমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও তা সম্ভব হয়নি।
বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী জুলফিকার হায়দার বিপ্লব জানান, “সন্ধ্যা ছয়টার দিকে আগুন লাগার আগে এখানে ডিপিডিসির তারের কনস্ট্রাকশন কাজ চলছিল। পরে আমরা খবর পাই এখানে আগুন লেগেছে। আগুন লাগার পর এখানে থাকা একটি জুটের গোডাউন, একটি ফ্রেশ তেলের পাম্পের গোডাউন, গাড়ির ডেকোরেশন দোকান এবং সামনে থাকা কয়েকটি মুদির দোকান পুড়ে গেছে।”
তিনি আরও জানান, “পেছনে আমাদের সুগন্ধা বেকারির গোডাউন ছিল, যেখানে থাকা মরিচসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। পাশের ১০ তলা ভবনের দ্বিতীয় তলা পর্যন্ত আগুন পৌঁছে যায়। এছাড়া পেছনে থাকা চার থেকে পাঁচ তলা আরেকটি ভবনের দ্বিতীয় তলা পর্যন্ত আগুন লাগে।”
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স (ঢাকা) এর সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান বলেন, “আমরা সন্ধ্যা ৭টা ১১ মিনিটে খবর পাই। সঙ্গে সঙ্গে প্রথমে চারটি ইউনিট এসে কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা দেখে আরও চারটি ইউনিট যুক্ত করা হয়। মোট ৮টি ইউনিট চারদিক থেকে কাজ করে এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।”
তিনি আরও বলেন, “অগ্নিকাণ্ডের পাশের ১০ তলা ও ৬ তলা ভবনে কিছু মানুষ আটকে পড়েছিলেন। তাদের উদ্ধার করা হয়েছে। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কত, তা তদন্ত শেষে জানা যাবে।”
তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে যোগ করেন এই কর্মকর্তা।
মন্তব্য করুন