মঙ্গলবার
২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মাদ্রাসা থেকে শিকলে বাঁধা দুই শিশু উদ্ধার

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ০৮:৫৩ পিএম
শিকলে বাঁধা অবস্থায় দুই শিশুকে উদ্ধার
expand
শিকলে বাঁধা অবস্থায় দুই শিশুকে উদ্ধার

হবিগঞ্জের চুনারুঘাটে শিকলে বাঁধা অবস্থায় দুই শিশুকে উদ্ধার করে থানায় হস্তান্তর করেছে স্থানীয়রা।

মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, পায়ের শিকল কাটানোর জন্য শিশু দু’টিকে পৌরবাজারের একটি কামারের দোকানে নেওয়া হচ্ছিল। এ সময় তাদের শিকলে বাঁধা অবস্থায় দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে বিষয়টি তারা উপজেলা প্রশাসনকে অবহিত করলে দ্রুত ব্যবস্থা নিয়ে শিশুদের উদ্ধার করে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়।

উদ্ধার হওয়া শিশুরা হলো হবিগঞ্জ সদর উপজেলার চাঁনপুর গ্রামের মফিজুল ইসলামের ছেলে মারুফ ইসলাম সবুজ (৯) এবং বানিয়াচং উপজেলার পাথারিয়া গ্রামের বেলু মিয়ার ছেলে সায়েম মিয়া (৮)।

পরিবারের দাবি, শিশু দু’টিকে চুনারুঘাট উপজেলার দেওরগাছ হাফেজিয়া মাদ্রাসায় আবাসিকভাবে রেখে পড়ানো হতো। তবে তারা প্রায়ই শিক্ষকদের চোখ ফাঁকি দিয়ে বাড়ি চলে যেত বলে জানা গেছে।

এ বিষয়ে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

চুনারুঘাট থানার ওসি শফিকুল ইসলাম বলেন, “শিশু দু’টিকে থানায় হেফাজতে রেখে তাদের অভিভাবকদের খবর দেওয়া হয়েছে। এ ধরনের শারীরিক শাস্তি বা শিকলে বাঁধা শিশুদের মানসিক বিকাশের জন্য ক্ষতিকর। বিষয়টি নিয়ে অভিভাবকদের সচেতন করা হবে এবং পরবর্তীতে তাদের বুঝিয়ে হস্তান্তর করা হবে।”

স্থানীয়দের দ্রুত উদ্যোগে শিশু দু’টি উদ্ধার হওয়ায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন