বুধবার
১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াতের উদ্যোগে প্রথমবারের মতো বর্ষবরণ, অংশ নেয় ১৩টি সংগঠন

যশোর প্রতিনিধি
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬, ১১:৪০ পিএম
যশোরে জামায়াত-সমর্থিত সংগঠনগুলোর উদ্যোগে প্রথমবারের মতো ভিন্ন আঙ্গিকে বর্ষবরণ
expand
যশোরে জামায়াত-সমর্থিত সংগঠনগুলোর উদ্যোগে প্রথমবারের মতো ভিন্ন আঙ্গিকে বর্ষবরণ

যশোরে বাংলা নববর্ষ উপলক্ষে এবার ভিন্নধর্মী আয়োজন নিয়ে জনসমক্ষে এসেছে জামায়াত-সমর্থিত বিভিন্ন সংগঠন ও তাদের সাংস্কৃতিক কর্মীরা। শহরের কেন্দ্রীয় ঈদগাহে আয়োজিত এই অনুষ্ঠানে ‘ইসলামি ধারার’ সংস্কৃতি চর্চাকে সামনে রেখে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়। ‘নববর্ষের নব স্বপ্নে নব উদ্যমে জাগো’ স্লোগানে অনুষ্ঠিত এ আয়োজনে জেলার ১৩টি ইসলামি সাংস্কৃতিক সংগঠন অংশ নেয়

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে যশোর কেন্দ্রীয় ঈদগাহ প্রাঙ্গণে যশোর সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে এ উৎসব শুরু হয়। সকাল থেকেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে নতুন পোশাকে সজ্জিত হয়ে মাদরাসার শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ উৎসবমুখর পরিবেশে অংশ নেন।

ঈদগাহের উন্মুক্ত মঞ্চে দিনব্যাপী চলে কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গান, লোকগীতি এবং সচেতনতামূলক নাটক। পাশাপাশি ছিল ‘যেমন খুশি তেমন সাজো’, রম্য নাটক ও ঐতিহ্যবাহী ভাওয়াইয়া ও ভাটিয়ালি গানের পরিবেশনা, যা দর্শকদের মধ্যে ভিন্নমাত্রার আগ্রহ তৈরি করে।

অনুষ্ঠানে উপস্থিত কনটেন্ট ক্রিয়েটার ও ওয়াজি কবির বিন সামাদ বলেন, পহেলা বৈশাখকে ঘিরে প্রচলিত কিছু ধারণার বাইরে গিয়ে নিজস্ব সাংস্কৃতিক চর্চার একটি দৃষ্টান্ত উপস্থাপনই এই আয়োজনের মূল লক্ষ্য। তিনি বলেন, ধর্মীয় মূল্যবোধ বজায় রেখেও উৎসব উদযাপন সম্ভব এবং সেটিই তারা তুলে ধরতে চেয়েছেন।

ইসলামি সংগীত শিল্পী রোকনুজ্জামান জানান, তাদের পরিবেশনায় বাংলার চিরায়ত গ্রামীণ জীবনের নানা দিক তুলে ধরা হয়েছে, যাতে নতুন প্রজন্ম দেশীয় ঐতিহ্য ও দেশপ্রেম সম্পর্কে সচেতন হয়।

যশোর সাংস্কৃতিক কেন্দ্রের সদস্য সচিব আবুল হাশিম রেজা বলেন, ব্যতিক্রমী এই উদ্যোগের মাধ্যমে তারা শেকড়ের সংস্কৃতি চর্চার বার্তা দিতে চান। তার মতে, ধর্ম-বর্ণ নির্বিশেষে সুস্থ সংস্কৃতির বিকাশই জাতীয় আত্মপরিচয় ও আত্মবিশ্বাস গড়ে তুলতে সহায়ক।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন