সোমবার
১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

 জ্বালানি সংকট ও শৃঙ্খলা ফেরাতে ফুলবাড়ীতে নতুন উদ্যোগ 

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ০৮:১২ পিএম
জ্বালানি সংকট ও শৃঙ্খলা ফেরাতে  ফুলবাড়ী উপজেলা প্রশাসনের নতুন উদ্যোগ
expand
জ্বালানি সংকট ও শৃঙ্খলা ফেরাতে ফুলবাড়ী উপজেলা প্রশাসনের নতুন উদ্যোগ

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় জ্বালানি ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে উপজেলা প্রশাসন। ফুয়েল কার্ড ছাড়া পেট্রোল বিক্রি সম্পূর্ণরূপে বন্ধ ঘোষণা করা হয়েছে। দেশের চলমান জ্বালানি সংকট এবং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে পেট্রোল সংগ্রহের ভোগান্তি কমাতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জ্বালানি তেলের সুষ্ঠু বণ্টন নিশ্চিত করা এবং অবৈধ মজুদ ও কালোবাজারি প্রতিরোধে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। এ লক্ষ্যে বৈধ ড্রাইভিং লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাইয়ের মাধ্যমে পর্যায়ক্রমে ফুয়েল কার্ড প্রদান করা হচ্ছে।

ফুলবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আনোয়ার হোসেন জানান, ইতোমধ্যে ২ হাজার ২৭৫টি ফুয়েল কার্ড অনুমোদন দেওয়া হয়েছে। নতুন এই ব্যবস্থার আওতায় এখন থেকে নির্ধারিত ফুয়েল কার্ড ছাড়া কোনো মোটরসাইকেল বা অন্যান্য যানবাহনে পেট্রোল সরবরাহ করা হচ্ছে না।

রবিবার (১৩ এপ্রিল) সরেজমিনে উপজেলার বিভিন্ন পেট্রোল পাম্পে গিয়ে দেখা যায়, ফুয়েল নিতে আসা চালকদের দীর্ঘ সারি। অনেকেই ফুয়েল কার্ড না থাকায় পেট্রোল সংগ্রহ করতে না পেরে ফিরে যাচ্ছেন। পাম্পগুলোর সামনে টানানো ব্যানারে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে ফুয়েল কার্ড ব্যতীত পেট্রোল বিক্রয় করা হয় না।

এছাড়া, পেট্রোল গ্রহণের সময় ফুয়েল কার্ড প্রদর্শন করে তা এন্ট্রি করতে হচ্ছে। ফলে একজন ব্যক্তি একই দিনে একাধিকবার পেট্রোল নিতে পারছেন না যা জ্বালানি অপচয় ও অনিয়ম রোধে কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছে সংশ্লিষ্টরা।

তবে হঠাৎ এই সিদ্ধান্তে কিছুটা ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। একাধিক মোটরসাইকেল চালক জানান, এখনো অনেকেই ফুয়েল কার্ড সংগ্রহ করতে পারেননি, ফলে জরুরি প্রয়োজনে পেট্রোল পাওয়া কঠিন হয়ে পড়েছে।

অন্যদিকে, প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, ধাপে ধাপে সকলকে ফুয়েল কার্ডের আওতায় আনা হবে এবং খুব শিগগিরই এ সংক্রান্ত জটিলতা দূর করা হবে।

স্থানীয় সচেতন মহলের মতে, উদ্যোগটি সঠিকভাবে বাস্তবায়ন করা গেলে জ্বালানি খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব। তবে সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে দ্রুত ও সহজ প্রক্রিয়ায় ফুয়েল কার্ড বিতরণ নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন তারা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন