সোমবার
১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

পীরগঞ্জে অন্তঃসত্ত্বা নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ০৬:৪৭ পিএম
অন্তঃসত্ত্বা নারীর লাশ
expand
অন্তঃসত্ত্বা নারীর লাশ

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগে এক অন্তঃসত্ত্বা নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৩ এপ্রিল) সকালে উপজেলার কোষারানীগঞ্জ ইউনিয়নের রাঘবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রাধারানী (১৯) কোষারানীগঞ্জ রাঘবপুর গ্রামের মিঠুন চন্দ্র রায়ের স্ত্রী। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার একপর্যায়ে রাধারানীর স্বামী মিঠুন চন্দ্র রায় কাজে চলে যান। পরে রাধারানী নিজ ঘরের সারের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

তবে এ ঘটনাকে ঘিরে নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যার অভিযোগ তোলা হয়েছে। নিহতের পিতা মহেন্দ্র রায় জানান, প্রায় ৯ মাস আগে রাধারানীর সঙ্গে মিঠুন চন্দ্র রায়ের বিয়ে হয়। বিয়ের সময় যৌতুক হিসেবে ৩ লাখ টাকা নির্ধারণ করা হয়। এর মধ্যে ২ লাখ ৫০ হাজার টাকা পরিশোধ করা হলেও বাকি ৫০ হাজার টাকা নিয়ে মেয়ের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছিল।

তিনি আরও অভিযোগ করেন, মিঠুন নেশাগ্রস্ত অবস্থায় প্রায়ই তার মেয়েকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। গত রোববারও বাকি টাকা পরিশোধ না করলে ‘দুর্ঘটনা’ ঘটতে পারে বলে হুমকি দেওয়া হয়।

নিহতের পরিবারের দাবি, এটি আত্মহত্যা নয়; বরং পরিকল্পিতভাবে হত্যা করে ঘটনাটি আত্মহত্যা হিসেবে সাজানোর চেষ্টা করা হয়েছে।

এ বিষয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

এখন পর্যন্ত এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন