সোমবার
১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

‘এক মুরগি তিনবার জবাই করা যাবে না’

যশোর প্রতিনিধি
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ০৫:১০ পিএম
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন
expand
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন

যশোরে শিক্ষাক্ষেত্রে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি স্পষ্টভাবে বলেছেন, শিক্ষার্থীদের একই প্রতিষ্ঠানে বারবার ভর্তি নেওয়ার প্রবণতা বন্ধ করতে হবে। এক ক্লাস থেকে অন্য ক্লাসে উঠতে নতুন করে ভর্তি নয়—একবার রেজিস্ট্রেশনই যথেষ্ট।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে যশোর শিক্ষা বোর্ড আয়োজিত এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬ উপলক্ষে কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, “এক মুরগি তিনবার জবাই করা যায় না। শিক্ষাক্ষেত্রেও একই শিক্ষার্থীর কাছ থেকে বারবার ভর্তি নেওয়ার সুযোগ থাকা উচিত নয়।”

তিনি জানান, শিক্ষাব্যবস্থাকে সহজ, স্বচ্ছ ও শিক্ষার্থীবান্ধব করতে এ বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

শিক্ষামন্ত্রী বলেন, সরকার শিক্ষার উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। তিনি ব্যক্তিগত সমালোচনা বা ট্রলকে ইতিবাচকভাবেই নিচ্ছেন। সংসদে তার জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানিয়ে বলেন, শিক্ষা মন্ত্রণালয়কে আরও কার্যকর ও জবাবদিহিমূলক করতে তিনি কাজ করতে চান।

পরীক্ষায় নকল প্রসঙ্গে তিনি বলেন, “করোনার মতো এখন নকলেরও নানা ভেরিয়েন্ট হয়েছে—ডিজিটাল নকল।”

তিনি আরও বলেন, শিক্ষার্থীরা নকল করতে চাইলে সেটি তাদের ব্যর্থতা নয়, বরং শিক্ষকদের দায়িত্ব কোথায় ঘাটতি আছে তা খুঁজে বের করা।

সভায় সভাপতিত্ব করেন ড. মোসাম্মৎ আসমা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ ও বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম।

নার্গিস বেগম বলেন, একটি আধুনিক ও শিক্ষিত জাতি গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অতীত থেকে শিক্ষা নিয়ে নতুন প্রজন্মকে গড়ে তোলার ওপর তিনি গুরুত্ব দেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন