সোমবার
১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
জব্দ ৬০ কোটি টাকার চোরাচালান পণ্য

জ্বালানি তেল মজুদ-পাচার রোধে মাঠে বিজিবি

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ১১:০৩ এএম
সীমান্ত এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে অভিযান
expand
সীমান্ত এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে অভিযান

জ্বালানি ও ভোজ্য তেলের অবৈধ মজুদ ও পাচার প্রতিরোধ, সীমান্ত নিরাপত্তা জোরদার এবং আসন্ন পহেলা বৈশাখ ও ঈদ-উল-আজহা উপলক্ষে বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দক্ষিণ-পশ্চিম রিজিয়ন, যশোর।

সোমবার (১৩ এপ্রিল) সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যশোর রিজিয়নের আওতাধীন প্রায় ৬০০ কিলোমিটার সীমান্ত এলাকায় ২টি সেক্টরের অধীনে ৭টি ইউনিট ও ১১৬টি বিওপি’র মাধ্যমে প্রতিদিন দিবারাত্রি ৪৬৪টি টহল পরিচালনা করা হচ্ছে।

সাম্প্রতিক সময়ে জ্বালানি ও ভোজ্য তেলের কৃত্রিম সংকট ও মূল্যবৃদ্ধি প্রতিরোধে বেনাপোল, ভোমরা ও দর্শনা স্থলবন্দরে গত ২৪ ঘণ্টায় ২৫টি বিশেষ নজরদারি ও তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হয়েছে। পাশাপাশি সীমান্তবর্তী ২২টি তেল পাম্পে নিয়মিত নজরদারি, বিশেষ চেকিং এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে।

তেল পাচার রোধে সম্ভাব্য রুটগুলো চিহ্নিত করে এখন পর্যন্ত ২ হাজার ৩৯৭টি টহল এবং ৯৫১টি বিশেষ চেকপোস্ট পরিচালনা করা হয়েছে।

এছাড়া স্থানীয় জনগণকে সচেতন করতে ৯২৩টি মতবিনিময় সভা আয়োজন করা হয়েছে এবং বিভিন্ন বাহিনীর সমন্বয়ে ৩১টি টাস্কফোর্স অভিযান পরিচালিত হয়েছে। এসব অভিযানে অবৈধ তেল মজুদের দায়ে একজনকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া স্থানীয় প্রশাসন, গোয়েন্দা সংস্থা ও আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ে ৭০টি যৌথ নজরদারি ও তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

আসন্ন ঈদ-উল-আজহা উপলক্ষে সীমান্ত দিয়ে গরু পাচার রোধে বিজিবি বিশেষ নজরদারি জোরদার করেছে। এ লক্ষ্যে অতিরিক্ত টহল, চেকপোস্ট স্থাপন এবং সন্দেহভাজন চলাচল নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

চলতি ২০২৬ সালে বিজিবির অভিযানে ৯১ জন আসামিসহ প্রায় ৬০ কোটি ৪০ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ১ দশমিক ৭৪ কেজি স্বর্ণ, ১৫৫ দশমিক ৭৬ গ্রাম হিরা, ১০ দশমিক ৫ কেজি রৌপ্য, ৪২টি অস্ত্র এবং ১৫২ রাউন্ড গুলি।

অন্যদিকে, মাদকবিরোধী অভিযানে ২ হাজার ৪৫০ বোতল মদ, ১০০ গ্রাম ক্রিস্টাল মেথ, ১৩৯ কেজি গাঁজা, ৩০ হাজার ৪৭১ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৪ হাজার ২০০ বোতলের বেশি ফেন্সিডিল জব্দ করা হয়েছে, যার আনুমানিক মূল্য ২২ কোটি ৩৭ লাখ টাকা।

বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক বলেন, বিজিবি সীমান্তে নিরাপত্তা ও আস্থার প্রতীক হিসেবে কাজ করে যাচ্ছে।

দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্তে শৃঙ্খলা বজায় রাখতে আমরা সর্বদা প্রস্তুত। চোরাচালান ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে স্থানীয় প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী, গণমাধ্যমকর্মী ও সাধারণ জনগণের সম্মিলিত সহযোগিতা অপরিহার্য।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন