রবিবার
১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

দস্যুমুক্ত সুন্দরবন গড়তে টানা অভিযান চলবে: কোস্ট গার্ড

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬, ০৬:৩৮ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

সুন্দরবন ও উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদারে সাঁড়াশি অভিযান পরিচালনা করছে বাংলাদেশ কোস্ট গার্ড।

রবিবার (১২ এপ্রিল) দুপুরে মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ কোস্ট গার্ড দেশের উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলে নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষা, চোরাচালান প্রতিরোধ, বন্যপ্রাণী সংরক্ষণ, বনজ ও মৎস্যসম্পদ রক্ষা এবং দুর্যোগকালীন মানবিক সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিশেষ করে সুন্দরবনে জলদস্যু ও বনদস্যু দমন এবং জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে কোস্ট গার্ডের ভূমিকা প্রশংসনীয়।

গত দেড় বছরে করিম-শরীফ, নানা ভাই, ছোট সুমন, আলিফ ও আসাবুর বাহিনীসহ বিভিন্ন দস্যু চক্রের মোট ৬১ জন সদস্যকে আটক করা হয়েছে। এসময় ৮০টি আগ্নেয়াস্ত্র, ৫৯৯ রাউন্ড তাজা গোলাবারুদসহ বিপুল অস্ত্র উদ্ধার করা হয়। পাশাপাশি ৭৮ জন জেলে ও ৩ জন পর্যটককে জীবিত উদ্ধার করা হয়েছে।

বন্যপ্রাণী সংরক্ষণে অভিযান চালিয়ে ৯৪৪ কেজি হরিণের মাংস, ৯০০টি ফাঁদসহ বিপুল পরিমাণ অবৈধ সামগ্রী জব্দ এবং ২৯ জন শিকারিকে আটক করা হয়েছে। এছাড়া প্রায় ১ হাজার ৮০৬ কোটি টাকা সমমূল্যের অবৈধ জাল ও বিপুল পরিমাণ রেণুপোনা জব্দ করা হয়েছে।

ক্যাপ্টেন মোহাম্মদ মেসবাউল ইসলাম (সি), পিসিজিএম, পিএসসি, বিএন (জোনাল কমান্ডার) বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের সুযোগে কিছু অসাধু চক্র পুনরায় সুন্দরবনে সক্রিয় হওয়ার চেষ্টা করছে। এ প্রেক্ষিতে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনায় বনদস্যুদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে কোস্ট গার্ডের নেতৃত্বে যৌথভাবে অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন এবং অপারেশন ম্যানগ্রোভ শিল্ড পরিচালনা করা হচ্ছে।

সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে কোস্ট গার্ড, নৌবাহিনী, র‍্যাব, পুলিশ ও বন বিভাগের সমন্বয়ে নিয়মিত অভিযান ও সভা পরিচালনা করা হচ্ছে, যা ইতোমধ্যে ইতিবাচক ফল দিচ্ছে।

বনদস্যু বিরোধী অভিযানের অংশ হিসেবে হারবারিয়া, কৈখালী, কয়রা, নলিয়ান, মান্দারবাড়ি ও সাতক্ষীরার শ্যামনগরসহ পুরো সুন্দরবন এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। ফলে জেলে, বাওয়ালি ও স্থানীয় জনগণের ওপর দস্যুদের প্রভাব উল্লেখযোগ্যভাবে কমেছে এবং চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধ হ্রাস পেয়েছে।

তিনি আরও জানান, নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে সুন্দরবনের সার্বিক নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হচ্ছে এবং স্থানীয়দের মধ্যে আস্থা ও স্বস্তি ফিরে এসেছে। সুন্দরবন সংলগ্ন এলাকার জনগণের জানমাল রক্ষা ও বনজ সম্পদ সংরক্ষণে কোস্ট গার্ড সর্বদা সচেষ্ট থাকবে এবং দস্যুমুক্ত না হওয়া পর্যন্ত এ সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন