রবিবার
১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

পুলিশ পাহারায় সেই পীরের দাফন সম্পন্ন

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬, ০৬:৩১ পিএম
পুলিশ পাহারায় পীরের দাফন
expand
পুলিশ পাহারায় পীরের দাফন

কুষ্টিয়ার দৌলতপুরে পুলিশ পাহারায় পীর আব্দুর রহমান শামীম (৬৫) ওরফে কালান্দার বাবার দাফন সম্পন্ন হয়েছে।

রোববার (১২ এপ্রিল) দুপুরে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে তার ময়নাতদন্ত শেষে বিকেল ৫টায় জানাজা অনুষ্ঠিত হয়। পরে উপজেলার দক্ষিণ-পশ্চিম ফিলিপনগর কবরস্থানে তার দাফন করা হয়।

নিহত শামীমের বড় ভাই ফজলুর রহমান জানান, পরিবারের সাথে আলোচনা করে আইনি পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এরআগে, পবিত্র কোরআন অবমাননার অভিযোগে গতকাল শনিবার দুপুরে কথিত পীর শামীমকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে বিক্ষুব্ধ জনতা। এসময় দরবার শরিফে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। নিহত শামীম ওই দরবার শরিফের প্রধান এবং এলাকায় কালান্দার বাবা হিসেবেও পরিচিত ছিলেন। দরবার শরিফে হামলায় তাঁর তিন অনুসারী-মহন আলী, জামিরুন নেছা ও জুবায়ের আহত হন।

কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা.হোসেন ইমাম জানান, বেলা ১টার দিকে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। গোটা শরীরে একাধিক জখমের চিহ্ন পাওয়া গেছে এবং মাথা, ঘাড়,পিঠে তুলনামূলক গভীর যখমের আলামত দেখা যায়। একাধিক যখমের কারণে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

এদিকে দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজ শেখ জয়নুদ্দিন। এসময় তিনি সাংবাদিকদের জানান, যে হত্যাকাণ্ড হয়েছে এটা কোন ভাবেই মেনে নেওয়া যায় না। তার বিরুদ্ধে অভিযোগ দিলে আমাদের প্রচলিত আইনেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতো। আমি চাইবো এই ফিলিপনগর এলাকার মানুষের কাছ থেকে আর কোনো আইনশৃঙ্খলার অবনতি যেন না হয়। আমাদের কোনো আটক নেই এখনও। আমরা এর সঠিক বিচার করবো।

জেলা প্রশাসক তৌহিদ বিন-হাসান বলেন, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত। বিজিবির টহলসহ সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন। আহত ব্যক্তিদের চিকিৎসা দেওয়া হচ্ছে। বাড়িতেও পুলিশি পাহারা থাকবে।

কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় কোনো ছাড় হবে না।

উল্লেখ্য, আব্দুর রহমান শামীম দৌলতপুরে ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন। পরে ফিলিপনগর উচ্চবিদ্যালয় থেকে ১৯৮৪ সালে এসএসসি, কুমারখালী ডিগ্রি কলেজ থেকে এইচএসসি এবং ভেড়ামারা কলেজ থেকে বিকম পাস করেন। পরে রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজ থেকে এমকম সম্পন্ন করেন। শিক্ষাজীবন শেষে কেরানীগঞ্জ এলাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি নেন শামীম। পরে চাকরি ছেড়ে কেরানীগঞ্জের গোলাম-এ-বাবা কালান্দার জাহাঙ্গীর সুরেশ্বরীর মুরিদ হন এবং সেখানে খাদেম হিসেবে বসবাস শুরু করেন। পরে ২০১৮ সালের দিকে পৈতৃক বাড়িতে এসে তিনি নিজে একটি দরবার গড়ে তোলেন।

এরআগে ২০২১ সালের মে মাসে ধর্মীয় অনুভূতিতে আঘাতসহ বিভিন্ন অভিযোগে পীর শামীম রেজার বিরুদ্ধে মামলা হলে পুলিশ তাকে গ্রেফতার করে কারাগারে পাঠায়। পরবর্তীতে দীর্ঘ কারাভোগ শেষে তিনি পুনরায় একই ধরনের কর্মকাণ্ডে জড়ান বলে স্থানীয়দের অভিযোগ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন