শনিবার
১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

কুলখানি অনুষ্ঠানে পদদলিত হয়ে শিশুসহ আহত ১৫

নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬, ১১:৪২ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

নরসিংদীতে একটি কুলখানি অনুষ্ঠানে প্রবেশের সময় হুড়োহুড়ি ও পদদলিত হয়ে শিশুসহ অন্তত ১৫ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে।

শুক্রবার (১০ এপ্রিল) জুমার নামাজের পর নরসিংদী সদর উপজেলার মাধবদী পৌরসভার ভগিরথপুর মহল্লায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নরসিংদী চেম্বার অব কমার্সের সাবেক প্রেসিডেন্ট ও বিশিষ্ট শিল্পপতি আব্দুল মোমেন মোল্লার প্রয়াত পিতা লাল মিয়া মোল্লার কুলখানির আয়োজন করা হয়েছিল ভগিরথপুর হাজী লাল মিয়া মোল্লা উচ্চ বিদ্যালয় মাঠে। অনুষ্ঠানে অংশ নিতে ভগিরথপুরসহ আশেপাশের বিভিন্ন এলাকা থেকে প্রায় ৮ থেকে ১০ হাজার মানুষ বিদ্যালয়ের গেইটের সামনে জড়ো হন।

জুমার নামাজ শেষে গেইট খুলে দেওয়া হলে একযোগে মাঠে প্রবেশের চেষ্টা করে মানুষ। এ সময় সৃষ্টি হয় তীব্র হুড়োহুড়ি ও ধাক্কাধাক্কি। এতে বেশ কয়েকজন পদদলিত হয়ে আহত হন।

আহতদের মধ্যে রয়েছেন আব্দুল মান্নান (৬০), আফাজ উদ্দিন (৫৫), কাদির মিয়া (৩০), সুমন আহমেদ (২৫), জাকারিয়া (১৫) এবং ইব্রাহিম (৫) সহ আরও বেশ কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তি।

স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

এ বিষয়ে নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার জানান, বিদ্যালয় মাঠে কুলখানি অনুষ্ঠানের জন্য কোনো পূর্বানুমতি নেওয়া হয়নি। এ ঘটনায় পদদলিত হয়ে আহত হওয়ার বিষয়টি তার জানা ছিল না বলেও তিনি উল্লেখ করেন।

অন্যদিকে, নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফরিদা গুলশান আরা কবির জানান, আহত চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন