

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


যশোর শহরের ধর্মতলা এলাকায় তেল নেওয়ার সময় অগ্নিকাণ্ডে একটি মোটরসাইকেল সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে মেসার্স সোনালী ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। স্থানীয় জনতা ও উপস্থিত গ্রাহকদের দ্রুত তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে পুরো পাম্প এলাকা।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, চৌগাছা উপজেলার সিংজুলি ইউনিয়নের জাহাঙ্গীরপুর গ্রামের বাসিন্দা আব্দুল মান্নান বিকেলে ব্যক্তিগত কাজে যশোর শহরে আসেন। কাজ শেষে বাড়ি ফেরার পথে বিকেল সাড়ে ৩টার দিকে ধর্মতলা এলাকার সোনালী ফিলিং স্টেশনে তেল নিতে যান।
তিনি লাইনে দাঁড়িয়ে মোটরসাইকেলে ৫০০ টাকার তেল নেওয়ার সময় হঠাৎ তেল ওভারফ্লো হয়ে ইঞ্জিনের ওপর গড়িয়ে পড়ে। পরে ৪৬০ টাকার তেল নিয়ে (৪০ টাকা ফেরত নেওয়ার পর) মোটরসাইকেলটি স্টার্ট দেওয়ার সঙ্গে সঙ্গেই ইঞ্জিনে আগুন ধরে যায়।
মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে পাম্প এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। এ সময় উপস্থিত অন্যান্য গ্রাহক ও স্থানীয়রা দ্রুত মোটরসাইকেলটি পাম্পের মূল অংশ থেকে দূরে সরিয়ে নেন। খবর পেয়ে বিকেল সাড়ে ৪টার দিকে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে মোটরসাইকেলটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
স্থানীয়রা জানান, দ্রুত মোটরসাইকেলটি সরিয়ে না নিলে পাম্পে বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটতে পারত।
ঘটনাস্থলে উপস্থিত পুরাতন কসবা ফাঁড়ির এটিএসআই নাসির বলেন, তিনি সরকারি কাজে এলাকায় ছিলেন। হঠাৎ পেট্রোল পাম্পে চিৎকার শুনে এগিয়ে যান। দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে বড় দুর্ঘটনা ঘটতে পারত বলে তিনি জানান। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
সোনালী ফিলিং স্টেশনের ম্যানেজার মাহফুজুর রহমান আনিস বলেন, মোটরসাইকেলে পর্যাপ্ত তেল থাকার পরও অনেক চালক অপ্রয়োজনে তেল নিতে আসেন, যা ঝুঁকিপূর্ণ। এ ধরনের অভ্যাস পরিত্যাগ না করলে ভবিষ্যতে বড় দুর্ঘটনা ঘটতে পারে।
মন্তব্য করুন