মঙ্গলবার
০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

শিক্ষা না নিলে বিএনপিকেও দেশত্যাগ করতে হবে: ব্যারিস্টার ফুয়াদ

রাজশাহী প্রতিনিধি
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬, ০৯:৫০ এএম
ব্যারিস্টার ফুয়াদ
expand
ব্যারিস্টার ফুয়াদ

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ বলেছেন, রিপাবলিক চরিত্রের সঙ্গে আওয়ামী লীগ বেইমানি করেছিল। এর ফলে তাদের ২১ বছর রাজনীতির বাইরে থাকতে হয়েছে। তাই বিএনপির বন্ধুদের বলব, রাজনৈতিক প্রশ্ন সংবিধানের দোহাই দিয়ে থামানোর চেষ্টা করবেন না।

সোমবার (৬ এপ্রিল) বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) আয়োজিত ‘গণভোট রায় বাস্তবায়নে গড়িমসি: সংকটের পথে দেশ’ শীর্ষক সেমিনারে বিশেষ আলোচকের বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় শিক্ষার্থীদের একাংশ ও ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী ব্যারিস্টার ফুয়াদ ও প্রধান আলোচক আইনজীবী শিশির মনিরকে লালকার্ড প্রদর্শন করেন।

এর তীব্র সমালোচনা করে ব্যারিস্টার ফুয়াদ বলেন, বুদ্ধি থাকলে সংবিধানের নামে আপনার দল যারা বিক্রি করে দিচ্ছে, সংসদের সামনে গিয়ে ওদেরকে লাল কার্ড দেখান। আর বুদ্ধিপ্রতিবন্ধী হলে বলেন রাকসুর ফান্ডিংয়ে আপনাদের সবাইকে পাবনায় চিকিৎসার ব্যবস্থা করা হবে।

বিএনপির রাজনীতিতে শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আদর্শ নেই দাবি করে এই নেতা বলেন, শহীদ জিয়ার ক্যানভাসের রাজনীতি আমরাও করছি। কিন্তু আপনাদের বিএনপির ২৬ সালের আয়নায় আমরা বেগম জিয়াকে খুঁজে পাচ্ছি না। আপনাদের এই সংসদের সংবিধান বিশেষজ্ঞদের আয়নায় আমরা শহীদ জিয়াউর রহমানকে খুঁজে পাচ্ছি না। এই বিএনপি কোত্থেকে এসছে? এই বিএনপি তো এই মাটির বিএনপি না। যারা বাংলাদেশ পন্থী রাজনীতি করেছে আমরা তো সেই বিএনপিকে খুঁজে ফিরে পেতে চাই।

ইতিহাস থেকে শিক্ষা না নিলে বিএনপিকেও দেশত্যাগ করতে হবে বলে দাবি করেছেন তিনি। ফুয়াদ বলেন, শেখ হাসিনাকে এক কাপড়ে বাংলাদেশ ছাড়তে হয়েছে। এই সংবিধানের কাঠাল জপতে জপতে আজকে ভারতকে আওয়ামী লীগারদের তীর্থস্থান বানাতে হয়েছে। যেই দলের একাংশের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, আজকে সেইদলের নেতাদেরকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। আপনারা ইতিহাস থেকে শিক্ষা না নেন, তাহলে ইতিহাসের কাঠগড়ায় আপনাদেরকেও দাঁড়াতে হবে।

এ ছাড়াও নিজের বক্তব্যে তিনি বিএনপির কঠোর সমালোচনা করেন এবং গণভোটের ফলাফলের বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে হুঁশিয়ারি দেন।

এ সময় সেমিনারে রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, একাধিক সম্পাদকসহ ছাত্রশিবিরের দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন