মঙ্গলবার
০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ভোলায় ৪ হাজার লিটার ডিজেলসহ আটক ১

ভোলা প্রতিনিধি
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৬, ১০:৫৬ পিএম
কোস্ট গার্ড।
expand
কোস্ট গার্ড।

ভোলার সদর উপজেলার চটকিমারা চর সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪ লক্ষ টাকা মূল্যের ৪ হাজার লিটার অবৈধ জ্বালানি তেলসহ (ডিজেল) একজনকে আটক করেছে কোস্ট গার্ড। সোমবার (৬ এপ্রিল) বিকেলে এই অভিযান পরিচালনা করা হয়।

কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেল ৪টার দিকে কোস্ট গার্ড বেইস ভোলা কর্তৃক চটকিমারা চর এলাকায় একটি বিশেষ অভিযান চালানো হয়। এসময় সন্দেহভাজন একটি স্টিল বডি বোট তল্লাশি করে ৪ হাজার লিটার অবৈধ ডিজেল উদ্ধার করা হয়। অবৈধভাবে এই তেল পরিবহনের দায়ে মো. মামুন মিয়াজি (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। আটক মামুন বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার বাহেরচর গ্রামের মৃত আব্দুল জব্বার মিয়াজীর ছেলে।

পরবর্তীতে ভোলা সদর নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে জব্দকৃত ডিজেল স্থানীয় ‘এ. রহমান এন্ড সন্স’ ফিলিং স্টেশনে বাজার মূল্যে বিক্রি করা হয়। একই সাথে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করে বোটসহ ছেড়ে দেওয়া হয়। তেল বিক্রির অর্থ এবং জরিমানার টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে বলে কোস্ট গার্ড জানিয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, দেশের অভ্যন্তরীণ বাজার স্থিতিশীল রাখতে এবং যেকোনো ধরণের অবৈধ কার্যক্রম রোধে কোস্ট গার্ডের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন