

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চট্টগ্রামের ফটিকছড়িতে একটি ডায়াগনস্টিক সেন্টারের তালাবদ্ধ কক্ষ থেকে রাশেদুল আনোয়ার (২৫) নামে এক ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার করা হয়েছে।
এ সময় একই কক্ষ থেকে মো. আরমান (২৬) নামে আরও এক যুবককে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
রোববার (৫ এপ্রিল) সকাল ১১টায় উপজেলার দাঁতমারা ইউনিয়নের হেঁয়াকো বাজারের ‘পল্লী ডায়াগনস্টিক সেন্টার’ থেকে তাদের উদ্ধার করা হয়।
নিহত রাশেদুল আনোয়ার দাঁতমারা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মুহাম্মদপুর এলাকার নাসির উদ্দীনের ছেলে।
তিনি হেয়াকো বনানী কলেজ শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন এবং ওই ডায়াগনস্টিক সেন্টারে মার্কেটিং অফিসার হিসেবে কর্মরত ছিলেন। আহত আরমান একই এলাকার ব্যবসায়ী আমানউল্লাহর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে ডায়াগনস্টিক সেন্টারের কর্মীরা অফিসে এসে একটি কক্ষ ভেতর থেকে তালাবদ্ধ দেখতে পান।
দীর্ঘক্ষণ ডাকাডাকির পরও কোনো সাড়া না পেয়ে তারা স্থানীয়দের খবর দেন। পরে দরজা ভেঙে ভেতরে দুজনকে পড়ে থাকতে দেখে পুলিশ ও চিকিৎসকদের জানানো হয়।
ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসকের সহকারী লক্ষ্মীবালা নম বলেন, সকালে অফিস খোলার পর কক্ষটি ভেতর থেকে বন্ধ পাই। অনেক ডাকাডাকি করেও কোনো শব্দ না পেয়ে লোকজনকে জানাই। পরে তালা ভেঙে তাদের উদ্ধার করা হয়।
হেয়াঁকো জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক আব্দুল্লাহ আল রুহানী জানান, বেলা ১১টার দিকে দুই যুবককে অচেতন অবস্থায় হাসপাতালে আনা হয়।
তবে হাসপাতালে পৌঁছানোর আগেই রাশেদুলের মৃত্যু হয়েছিল। অন্যজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
দাঁতমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তালাবদ্ধ কক্ষ থেকে মরদেহ ও একজন অচেতন যুবককে উদ্ধার করে হাসপাতালে নেয় স্থানীয়রা। আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি।
লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনার নেপথ্যে কী রয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
মন্তব্য করুন