

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কন্টেন্ট ক্রিয়েটর দ্বীন ইসলাম হত্যাকান্ডের ঘটনায় মেহারী ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ আবদুল আওয়ালকে প্রধান আসামী করে ১৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছে নিহতের পরিবার। ঘটনার একদিন পর নিহতের পিতা সফিকুল ইসলাম বাদী হয়ে এই মামলা দায়ের করেন। মামলা রুজু হওয়ার পর দুইজনকে আটক করেছে কসবা থানা পুলিশ। তদন্তের স্বার্থে আটককৃতদের নাম প্রকাশ করতে রাজি হয়নি পুলিশ। এদের মধ্যে একজনকে গত রাতে এবং অপরজনকে আজকে আটক করে কসবা থানা পুলিশ। প্রকৃত তথ্য উদঘাটনে এদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
কসবা থানা অফিসার ইনচার্জ নাজনীন সুলতানা বলেন, নিহতের পিতার করা মামলার সূত্র ধরে এ পর্যন্ত দুজনকে আটক করা হয়েছে। গতকাল রাতের আটককৃত ছিলেন ইজিবাইক চালক। জিজ্ঞাসাবাদে কিছু তথ্য পাওয়া গেছে । অপরজনকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান তিনি। ঘটনার পর থেকে তদন্ত কার্যক্রম চলমান আছে। প্রকৃত জড়িতদের খোঁজে আইনের আওতায় চেষ্টা অব্যাহত আছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে কিছুটা গোপনীয়তা রক্ষা করতে হচ্ছে। আরও কিছু কাজ বাকি আছে। বিস্তারিত পরে জানানো হবে।
উল্লেখ্য, মঙ্গলবার দুপুরে উপজেলার মেহারী ইউনিয়নের শিমরাইল গ্রামের সফিকুল ইসলামের ছেলে কন্টেন্ট ক্রিয়েটর দ্বীন ইসলাম নামে এক যুবককে বাড়ি থেকে ধরে নিয়ে যায় সংঘবদ্ধ দুর্বৃত্তরা। পরে তাকে পিটিয়ে গুরুতর আহত অবস্থায় শিমরাইল গ্রামের পশ্চিম পাশে নদীর পাড়ে পাশ্ববর্তী কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার বাঙরা বাজার থানার সিদ্ধিরগঞ্জ এলাকায় ফেলে রেখে চলে যায় দুর্বৃত্তরা। পরে খবর পেয়ে বিকেলে কসবা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাঙরা বাজার থানার সাথে যোগাযোগ করে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানোর ব্যবস্থা করে পুলিশ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকেই ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠায় পুলিশ । ঘটনার একদিন পর নিহতের পরিবারের পক্ষ থেকে স্থানীয় বিএনপি নেতাসহ ১৫ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করা হয়। পরে রাতেই একজনকে ও আজকে দুপুরের দিকে আরও একজনকে আটক করতে সক্ষম হন পুলিশ।
নিহত দ্বীন ইসলাম কন্টেন্ট ক্রিয়েটর হলেও নিজেকে সাংবাদিক পরিচয় দিতো। এ যাবত কসবা থানায় নিহত দ্বীন ইসলামের বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার দায়ে ১০টি মামলা চলমান আছে বলে জানিয়েছেন পুলিশ।
মন্তব্য করুন