

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান-২০২৬ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ মার্চ) সকাল ১০টায় পীরগঞ্জ পাইলট স্কুল হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে হলরুমটি কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর বাবুল আহাম্মেদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান এবং প্রধান আলোচক ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি ও ঠাকুরগাঁও সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আলমগীর হোসাইন।
এছাড়াও বক্তব্য দেন রাণীশংকৈল উপজেলা জামায়াতের নায়েবে আমীর মিজানুর রহমান মাস্টার, সাবেক উপজেলা আমীর বাবলুর রশিদ, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মুফতি আমানুল্লাহ আমান, জেলা এনসিপির যুগ্ম সম্পাদক হাসান আলী, সাবেক সমাজসেবা কর্মকর্তা এস.এম রফিকুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি নুরুজ্জামান।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, সাম্প্রতিক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল নিয়ে বিভিন্ন অসঙ্গতি ছিল এবং তা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে আরও সুসংগঠিতভাবে এগিয়ে যেতে হবে। তারা দাবি করেন, নির্বাচনে নানা ধরনের অনিয়মের কারণে প্রত্যাশিত ফলাফল আসেনি।
ঈদ শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি নেতৃবৃন্দ আগামী স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীদের সক্রিয় হওয়ার আহ্বান জানান। তারা বলেন, দলীয় ভোটব্যাংককে সুসংহত করতে হবে এবং একক প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বক্তারা আরও বলেন, আগামীর নির্বাচনে যেন কোনো ধরনের অনিয়ম বা ভোট হাইজ্যাকের সুযোগ না থাকে সে বিষয়ে সজাগ থাকতে হবে। পাশাপাশি দলীয় আদর্শ ও সংগঠন শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন