

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দীর্ঘ ৯ মাস বন্ধ থাকার পর অবশেষে দেশের অন্যতম বৃহৎ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ৩৬৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৭ নম্বর ইউনিটে পুনরায় বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে।
শুক্রবার (২০ মার্চ) রাত ২টা থেকে ইউনিটটি পুরোদমে উৎপাদনে যায় বলে নিশ্চিত করেছেন কেন্দ্রটির প্রধান প্রকৌশলী মো. এনামুল হক।
তিনি জানান, গ্যাস সংকটের কারণে ২০২৫ সালের ১৪ জুন থেকে ইউনিটটির উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যায়। তবে বৃহস্পতিবার সন্ধ্যায় পুনরায় গ্যাস সরবরাহ শুরু হলে শুক্রবার গভীর রাত থেকেই বিদ্যুৎ উৎপাদন চালু করা সম্ভব হয়।
বিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা গেছে, গত দুই বছর ধরেই ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস সংকট তীব্র আকার ধারণ করে। এর ফলে ধাপে ধাপে কেন্দ্রটির একাধিক ইউনিট বন্ধ হয়ে যায়। ২০২৫ সালের জুন মাসেই ৪ নম্বর (৩৬০ মেগাওয়াট), ৫ নম্বর (২১০ মেগাওয়াট) এবং ৭ নম্বর (৩৬৫ মেগাওয়াট) ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে পড়ে।
সূত্র আরও জানায়, সার কারখানায় গ্যাস সরবরাহ নিশ্চিত করতে গিয়ে বিদ্যুৎ কেন্দ্রের গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছিল। পরে বিকল্পভাবে গ্যাস সরবরাহের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আবেদন করে কর্তৃপক্ষ।
এদিকে, কেন্দ্রটির পুরনো ইউনিটগুলোও দীর্ঘদিন ধরে অচল অবস্থায় রয়েছে। ১৯৭৪ সালে চালু হওয়া ১ নম্বর (৫৫ মেগাওয়াট) এবং ১৯৭৬ সালে চালু হওয়া ২ নম্বর (৫৫ মেগাওয়াট) ইউনিট যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় ৯ বছর ধরে বন্ধ রয়েছে। এই দুটি ইউনিট ভেঙে নতুন ইউনিট স্থাপনের পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।
অন্যদিকে, ৩ নম্বর ইউনিটের টারবাইনের রোটর ব্লেডে ত্রুটির কারণে বর্তমানে মেরামত কাজ চলছে। তবে ৪ ও ৫ নম্বর ইউনিট দুটি প্রস্তুত রয়েছে এবং পূর্ণাঙ্গ গ্যাস সরবরাহ পাওয়া গেলে দ্রুতই উৎপাদনে ফেরানো সম্ভব হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
দীর্ঘদিন পর ৭ নম্বর ইউনিট চালু হওয়ায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কিছুটা বাড়বে এবং বিদ্যুৎ সংকট নিরসনে স্বস্তি ফিরবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মন্তব্য করুন