মঙ্গলবার
১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভিজিএফের চাল বিতরণে অনিয়ম, ইউএনওর হস্তক্ষেপে বিতরণ বন্ধ

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ১৭ মার্চ ২০২৬, ০৪:৪৬ এএম
ইউএনওর হস্তক্ষেপে ভিজিএফের চাল বিতরণ বন্ধ
expand
ইউএনওর হস্তক্ষেপে ভিজিএফের চাল বিতরণ বন্ধ

রাজবাড়ীর কালুখালী উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মদাপুর ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে চাল বিতরণ কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

সোমবার (১৬ মার্চ) দুপুরে বিষয়টি জানাজানি হলে কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেজবাহ উদ্দিন ঘটনাস্থলে গিয়ে সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনকালে অনিয়মের সত্যতা পাওয়ায় তিনি চালের গুদাম সিলগালা করে দেন এবং বিতরণ কার্যক্রম বন্ধের নির্দেশ দেন।

স্থানীয় সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে ভিজিএফ কর্মসূচির আওতায় ১০ কেজি করে চাল বিতরণের কথা থাকলেও অনেকেই নির্ধারিত পরিমাণের চাল পাননি বলে অভিযোগ করেছেন।

সোমবার দুপুরে মদাপুর ইউনিয়ন পরিষদে গিয়ে দেখা যায়, অনেক উপকারভোগী দীর্ঘ সময় অপেক্ষা করেও চাল না পেয়ে ফিরে যাচ্ছেন।

ইউনিয়নের বাসিন্দা বিউটি বেগম বলেন, “আমি স্লিপ পেয়েছি। সকাল থেকে এসে বসে আছি, কিন্তু এখনো চাল পাইনি। যারা পেয়েছে তারাও ১০ কেজির জায়গায় ৫ থেকে ৬ কেজি করে পেয়েছে।”

আরেক বাসিন্দা মো. মোতাহার মোল্লা বলেন, “আমি সকাল ৯টার সময় এসেছি। এখন দুপুর ২টা বাজে, এখনো চাল পাইনি। এটা আমাদের অধিকার। এখন বলা হচ্ছে পরে দেওয়া হবে।”

এ বিষয়ে মদাপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মদন কুমার প্রামাণিক বলেন, “আমার ইউনিয়নে মোট ১,২১৫টি স্লিপ বিতরণ করা হয়েছে। প্রত্যেককে ১০ কেজি করে চাল দেওয়ার কথা। তবে কিছু অসহায় মানুষ স্লিপ ছাড়া এসে চাল দাবি করায় তাদের অল্প পরিমাণ করে দেওয়া হয়েছে। এছাড়া স্লিপ ছাড়া অনেক মানুষ ভিড় করায় বিতরণে কিছুটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়। পরে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে সাময়িকভাবে চাল বিতরণ কার্যক্রম বন্ধ রয়েছে।”

কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিন বলেন, “চাল বিতরণে অনিয়মের অভিযোগ পেয়ে মদাপুর ইউনিয়ন পরিষদে আসি। ঘটনাস্থল পরিদর্শন করে অভিযোগের সত্যতা পাওয়ায় তাৎক্ষণিকভাবে চাল বিতরণ বন্ধ করা হয়েছে এবং গুদাম সিলগালা করা হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।”

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, তদন্ত শেষে অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে এবং প্রকৃত উপকারভোগীদের মাঝে সঠিকভাবে চাল বিতরণের ব্যবস্থা করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন