

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ফলদা ইউনিয়নে রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার জেরে রিমন শেখ নামের এক যুবককে তার পরিবার ত্যাজ্য ঘোষণা করেছে।
তিনি নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ও বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, রিমন শেখের রাজনৈতিক সম্পৃক্ততা নিয়ে দীর্ঘদিন ধরেই পরিবারের মধ্যে মতবিরোধ চলছিল। একপর্যায়ে রাজনৈতিক মতাদর্শের ভিন্নতার কারণে পরিবার তাকে ত্যাজ্য করার সিদ্ধান্ত নেয়।
এ ঘটনায় রিমন শেখ একটি স্ট্যাম্প পেপারে লিখিত ঘোষণাপত্র (হলফনামা) দিয়েছেন। সেখানে তিনি উল্লেখ করেন, তার রাজনৈতিক কর্মকাণ্ড বা ব্যক্তিগত কোনো সিদ্ধান্তের সঙ্গে তার পিতা-মাতা, ভাই-বোন কিংবা অন্য কোনো আত্মীয়-স্বজনের কোনো সম্পৃক্ততা নেই।
ঘোষণাপত্রে তিনি আরও উল্লেখ করেন, ভবিষ্যতে তার যেকোনো রাজনৈতিক কর্মকাণ্ড বা অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা, যেমন দুর্ঘটনা বা মৃত্যু ঘটলে এর জন্য তার পরিবার বা আত্মীয় স্বজনকে কোনোভাবে দায়ী করা যাবে না।
রিমন শেখ লিখিত ঘোষণায় বলেন, আমার রাজনৈতিক সম্পৃক্ততার কারণে আমার পরিবার আমাকে ত্যাজ্য করেছে। ভবিষ্যতে আমার কোনো অপ্রত্যাশিত মৃত্যু ঘটলে তার সম্পূর্ণ দায়ভার আমার নিজের ওপর বর্তাবে।
এদিকে ঘটনাটির একটি ভিডিও ও স্ট্যাম্প পেপারের ছবি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে স্থানীয় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
মন্তব্য করুন