রবিবার
০৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
০৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, পণ্ড ইফতার পার্টি

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ০৮ মার্চ ২০২৬, ০৪:৩১ এএম
বিএনপির দুই গ্রুপের মধ্যে চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটেছে
expand
বিএনপির দুই গ্রুপের মধ্যে চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটেছে

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ইফতার পার্টির ব্যানারে নাম না থাকা এবং বক্তব্যকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্য সংঘর্ষ ও চেয়ার ছোড়াছুড়ি হয়েছে। এঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। সংঘর্ষের কারণে পন্ড হয়ে যায় পুরো ইফতার মাহফিল।

শনিবার (০৭ মার্চ) সন্ধ্যায় উপজেলার বিনাউটি ইউনিয়ন বিএনপি আয়োজিত তিনলাখপীর গরু বাজারে ইফতার ও দোয়া মাহফিলে বিএনপির দুই গ্রুপ মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে ।

এ ঘটনার জের ধরে সন্ধ্যার পরে ওই ইউনিয়নের বিনাউটি গ্রামেও দুই গ্রুপের সংঘর্ষ হয়। সেখানেও বেশ কয়েকজন আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সংসদ সদস্য মুশফিকুর রহমানের নিদের্শে শনিবার বিকেলে ৫ নং বিনাউউটি ইউনিয়ন বিএনপি উদ্যোগে তিনলাখপীর গরু বাজারে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে।

এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ সভাপতি মুহাম্মদ ইলিয়াস। এছাড়াও জেলা ও উপজেলা বিএনপির বর্তমান ও সাবেক নেতাকর্মী ও সমর্থকরা অংশগ্রহন করেন।

তবে উপজেলা বিএনপিতে বিভক্তি চলমান থাকায় অনুষ্ঠানে কসবা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক স্বপনকে আমন্ত্রণ জানানো হয়নি এবং ব্যানারেও তার নাম রাখা হয়নি। ইফতার মাহফিলে চলাকালে কসবা উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুদুল হক ভুইয়া দীপু তার বক্তব্যে সংসদ নির্বাচনে বিএনপির কতিপয় নেতাকর্মীদের বিপক্ষে অবস্থান নেওয়াসহ সংসদ সদস্যের ঘোষিত মাদক ও ড্রেজার বিরোধী অভিযান সম্পর্কে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে ভর্ৎসনা জানিয়ে বক্তব্য রাখেন।

এর কয়েক মিনিট পরই কসবা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক স্বপন তার লোকজন সেখানে উপস্থিত হয়ে ব্যানারে তার নামা না থাকা ও ইউনিয়ন বিএনপি অধিকাংশ নেতাকর্মীদের দাওয়াত না দেয়া নিয়ে আপত্তি করে এবং বক্তব্যের জের ধরে তর্ক বিতর্কে জড়ায়। এক পর্যায়ে দুই গ্রুপের নেতাকর্মীরা পানির বোতল ও চেয়ার ছোড়াছুড়ি, ভাংচুরসহ সংঘর্ষে জড়ায়।

এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়লে পুরো ইফতার মাহফিল পন্ড হয়ে যায় এবং ইফতারে আসা মুসল্লী ও দলীয় কর্মী সমর্থকরা প্রাণভয়ে দৌড়াদৌড়ি করে প্যান্ডেল ছেড়ে অন্যত্র সরে যায়। সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা বিএনপি সাধারন সম্পাদক শরীফুল হক স্বপন জানায়, ‘স্থানীয় সংসদ সদস্যের নির্দেশনায় ইউনিয়ন বিএনপি উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হলেও ইউনিয়ন বিএনপি সভাপতিসহ অধিকাংশ নেতৃবৃন্দকে দাওয়াত দেয়া হয়নি। আমি উপজেলা বিএনপি সাধারন সম্পাদক এবং সভাপতি এডভোকেট ফখরুদ্দীন আহমদ খান কে দাওয়াত করা হয়নি। পাশাপাশি আমাদেরকে ইঙ্গিত করে কটুক্তিমুলক বক্তব্য দেয়া হচ্ছিল। এসব বিষয়কে কেন্দ্র করেই ঝামেলা বাধে।

এ বিষয়ে জানতে ইফতার মাহফিলের প্রধান অতিথি জেলা বিএনপি সহসভাপতি মুহাম্মদ ইলিয়াস'র সাথে মুঠুফোনে যোগাযোগ করলেও কথা বলা সম্ভব হয়নি।

তবে উপজেলা যুবদল আহ্বায়ক মাসুদুল হক ভুইয়া দীপু জানান, ইফতার মাহফিলে নেতৃবৃন্দ আলোচনা করছিলেন। আমার বক্তব্যে সংসদ সদস্য মুশফিকুর রহমানের অবৈধ মাদক ও ড্রেজার বিরোধী অভিযান নিয়ে বক্তব্যের জের ধরে উপজেলা বিএনপি সাধারন সম্পাদক শরীফুল হক স্বপন ও তার লোকজন এসে ইফতার শুরু হওয়ার কয়েক মিনিট আগে পানির বোতল ছুড়ে সংঘর্ষে জড়ায়। পরে এ ঘটনার জের ধরে দুই পক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এ বিষয়ে কসবা থানা অফিসার ইনচার্জ নাজনীন সুলতানা বলেন, ‘সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় অভিযোগ সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন