

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কুমিল্লা নগরীর দক্ষিণ ঠাকুরপাড়া এলাকার একটি মন্দিরে ককটেল বিস্ফোরণে পুরোহিতসহ অন্তত চারজন আহত হয়েছেন। শনিবার (৭ মার্চ) সন্ধ্যায় কালী গাছতলা শিব মন্দিরে এই ঘটনা ঘটে। একই সময় আশপাশের আরও দুটি স্থানে ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
আহতদের মধ্যে মন্দিরের পুরোহিত কেশব চক্রবর্তী, স্থানীয় বাসিন্দা আ. বারেক ও জিহাদ রয়েছেন। আহত আরেকজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাঁদের কুমিল্লা জেনারেল হাসপাতাল ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মন্দিরে শনিপূজা চলছিল। এ সময় হঠাৎ মন্দিরের ভেতরে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে পুরোহিতসহ কয়েকজন আহত হন। স্থানীয়রা দ্রুত তাঁদের হাসপাতালে নিয়ে যান।
মন্দিরের সিসিটিভি ফুটেজে দেখা যায়, সন্ধ্যা ৬টা ২৮ মিনিটের দিকে মুখোশ পরা এক ব্যক্তি হাতে একটি ব্যাগ নিয়ে মন্দিরে ঢোকেন। কিছুক্ষণ পর তিনি ব্যাগটি রেখে দ্রুত সেখান থেকে চলে যান। এর কিছুক্ষণ পরই বিস্ফোরণের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ওই ব্যক্তি পালিয়ে যাওয়ার সময় মন্দিরের পাশের একটি বৌদ্ধ মন্দির ও একটি ব্র্যাক অফিসের সামনে আরও দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আরও তিনজন আহত হন। তাঁদের মধ্যে দুজনকে কুমিল্লা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে, আর একজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।
এ বিষয়ে আহত পুরোহিত কেশব চক্রবর্তী বলেন, বিস্ফোরণের আগে একটি সাদা বস্তু তাঁর সামনে এসে পড়ে। প্রথমে তিনি ভেবেছিলেন গাছ থেকে কিছু পড়েছে। পরে ধোঁয়া দেখে অন্যরা তাকে জানান, সেটি বোমা ছিল।
এ বিষয়ে কুমিল্লা মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক শ্যামল কৃষ্ণ বলেন, ঘটনার খবর পেয়ে তাঁরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কারা এ হামলা চালিয়েছে তা এখনো নিশ্চিত নয়। শান্ত পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করছে এমন ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তিনি।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল আনোয়ার বলেন, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। হামলার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে এবং গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
পরে রাতে ঘটনাস্থল পরিদর্শন করেন কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান। তিনি জানান, মন্দির এলাকা থেকে বিস্ফোরণের আলামত ও একটি ব্যাগ জব্দ করা হয়েছে। ঢাকা থেকে বোমা বিশেষজ্ঞ দল এসে বিষয়টি পরীক্ষা করবে। আহতদের কয়েকজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।
মন্তব্য করুন