

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সৌদি আরব থেকে দুবাই হয়ে বাংলাদেশে ফেরার পথে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার এক প্রবাসী শ্রমিক রফিকুল ইসলাম (৪০) নিখোঁজ হয়েছেন। গত ২৮ ফেব্রুয়ারি থেকে পরিবারের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। এতে পরিবার চরম উৎকণ্ঠা ও দুশ্চিন্তার মধ্যে দিন পার করছে।
নিখোঁজ রফিকুল ইসলাম মাদারগঞ্জ উপজেলার সিধুলী ইউনিয়নের মদনগোপাল এলাকার মৃত লাল মাহমুদ মন্ডলের ছেলে। জীবিকার তাগিদে প্রায় পাঁচ বছর আগে তিনি সৌদি আরবে পাড়ি জমান। সেখানে তিনি আল-কাছিম শহরে একটি কোম্পানির অধীনে গ্যারেজে কর্মরত ছিলেন।
পরিবার সূত্রে জানা গেছে, আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে তিনি কোম্পানি থেকে ছুটি নিয়ে গত ২৮ ফেব্রুয়ারি বাংলাদেশ সময় সকাল ১১টার দিকে সৌদি আরবের আল-কাছিম বিমানবন্দর থেকে এয়ার এরাবিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুবাই হয়ে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেন। বাংলাদেশ সময় দুপুর ২টার দিকে বিমানটি দুবাইয়ের শারজাহ বিমানবন্দরে অবতরণ করে।
পরবর্তীতে মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা ও নিরাপত্তাজনিত কারণে দুবাই থেকে বাংলাদেশগামী পরবর্তী ফ্লাইটটি বাতিল হয়ে যায়। ওইদিন বাংলাদেশ সময় ভোর ৪টা পর্যন্ত পরিবারের সঙ্গে রফিকুল ইসলামের কথা হয়েছিল। এরপর থেকেই তার সঙ্গে পরিবারের সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
পরিবারের সদস্যরা জানান, তার ব্যবহৃত ইমো, ফেসবুক ও মেসেঞ্জারসহ সব সামাজিক যোগাযোগমাধ্যম বর্তমানে বন্ধ রয়েছে। ফলে তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া যাচ্ছে না।
এদিকে বাতিল হওয়া ওই ফ্লাইটটি পুনরায় গত ৪ মার্চ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলেও রফিকুল ইসলাম দেশে ফেরেননি এবং পরিবারের সঙ্গেও আর কোনো যোগাযোগ করেননি।
রফিকুল ইসলামের স্ত্রী ও দুটি কন্যা সন্তান রয়েছে। স্বামীর কোনো খোঁজ না পেয়ে স্ত্রীসহ পরিবারের সদস্যরা চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন।
নিখোঁজ রফিকুল ইসলামের সন্ধান পেতে পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও প্রবাসী বাংলাদেশিদের কাছে সহযোগিতা কামনা করা হয়েছে।
মন্তব্য করুন