শনিবার
০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আমতলীতে সিএনজি স্ট্যান্ড দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ

আমতলী (বরগুনা ) প্রতিনিধি
প্রকাশ : ০৭ মার্চ ২০২৬, ০৬:৪৪ পিএম
সিএনজি স্ট্যান্ড দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ
expand
সিএনজি স্ট্যান্ড দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ

বরগুনার আমতলীতে সিএনজি স্ট্যান্ডের নিয়ন্ত্রণ ও দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দুইজন আহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন— সিএনজি মালিক সমিতির সভাপতি ও পৌর শ্রমিক দলের সভাপতি মিল্টন মিয়া (৪২) এবং উপজেলা যুবদলের সদস্য ও সিএনজি মালিক সমিতির সাধারণ সম্পাদক রাসেল আকন (৩৮)।

স্থানীয় সূত্রে জানা গেছে, সিএনজি স্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন ধরে মিল্টন মিয়া ও রাহাত ফকিরের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে শনিবার দুপুরে রাহাত ফকিরের নেতৃত্বে একদল লোক মিল্টন মিয়ার ওপর হামলা চালায়। এতে মিল্টন মিয়া ও রাসেল আকন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শিপন মোল্লার একটি সিএনজি তল্লাশি করে দেশীয় অস্ত্র উদ্ধার করে। পরে উদ্ধার করা অস্ত্রসহ সিএনজিটি জব্দ করে আমতলী থানায় নিয়ে যাওয়া হয়।

সিএনজি মালিক সমিতির সভাপতি মিল্টন হাওলাদার অভিযোগ করে বলেন, প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী আমরা সিএনজি পরিচালনা করছিলাম। কিন্তু রাহাত ফকির এতে বাধা দেয়। একপর্যায়ে তার লোকজন আমাদের ওপর হামলা চালিয়ে মারধর করে।

অভিযোগ অস্বীকার করে রাহাত ফকির বলেন, আমি আগে থেকেই সিএনজি পরিচালনা করতাম। মিল্টন হাওলাদার জোরপূর্বক স্ট্যান্ড দখল করেছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। একটি সিএনজি ও দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন