সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচনী এলাকায় তাহেরীর প্রথম মাহফিল ঘিরে উত্তেজনা

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০১ মার্চ ২০২৬, ১১:১৮ পিএম
তাহেরীর প্রথম মাহফিল ঘিরে উত্তেজনা
expand
তাহেরীর প্রথম মাহফিল ঘিরে উত্তেজনা

হবিগঞ্জ ৪ আসনে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা ইসলামী বক্তা মুফতি গিয়াস উদ্দিন তাহেরী এর নিজ নির্বাচনী এলাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিতব্য ওয়াজ মাহফিল বন্ধের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করা হয়েছে।

রোববার (১ মার্চ) মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অভিযোগটি দাখিল করেন আন্দিউড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বিএনপির সাধারণ সম্পাদক মোবারক হোসেন। অভিযোগে তিনি আশঙ্কা প্রকাশ করেন, মাহফিলের আড়ালে রাজনৈতিক বক্তব্য দিয়ে জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা হতে পারে এবং এতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার সম্ভাবনা রয়েছে।

জানা গেছে, মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের মুরাদপুর এলাকায় আগামী সোমবার (২ মার্চ) একটি ধর্মীয় ওরস ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে প্রধান বক্তা হিসেবে মুফতি গিয়াস উদ্দিন তাহেরীর অংশগ্রহণের কথা জানানো হয়েছে।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়, নির্বাচনে পরাজয়ের পর থেকে তিনি বিভিন্ন স্থানে বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছেন বলে অভিযোগ রয়েছে। সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

অন্যদিকে, মাহফিলের আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এটি একটি ঐতিহ্যবাহী ধর্মীয় অনুষ্ঠান। এতে আল্লামা কাফিল উদ্দিন সরকার, মুফতি মোস্তফা কামাল-সহ একাধিক আলেম বক্তব্য রাখবেন। আয়োজকদের দাবি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসীর সঙ্গে আলোচনা করেই অনুষ্ঠানসূচি নির্ধারণ করা হয়েছে এবং এতে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই।

এ বিষয়ে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুজিবুল ইসলাম বলেন, অভিযোগটি পাওয়া গেছে এবং বিষয়টি খতিয়ে দেখে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তবে মাহফিলটি নির্বিঘ্নে অনুষ্ঠিত হবে কি না, সে বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। ফলে বিষয়টি নিয়ে এলাকাজুড়ে আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন