

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নদী ও খাল দখলমুক্ত এবং পুনঃখনন কার্যক্রমে কোনো ধরনের বাধা সৃষ্টি করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে নেত্রকোনা জেলা সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, দেশের বিভিন্ন নদী ও খাল দীর্ঘদিন ধরে ভরাট ও দখলের কারণে পানিপ্রবাহ বাধাগ্রস্ত হয়েছে। এসব নদী ও খাল পুনঃখননের মাধ্যমে স্বাভাবিক পানিপ্রবাহ ফিরিয়ে আনা এবং দখলমুক্ত করার লক্ষ্যে সরকার পরিকল্পিতভাবে কাজ করছে।
তিনি আরও বলেন, নদী ও খাল উদ্ধার কার্যক্রমে কেউ প্রতিবন্ধকতা সৃষ্টি করলে সরকার তা কঠোরভাবে মোকাবিলা করবে। বিএনপির নির্বাচনী ইশতেহারে নদী ও খাল শাসনের মাধ্যমে পানিপ্রবাহ বৃদ্ধি এবং ‘জাল যার, জলা তার’ নীতির কথা উল্লেখ ছিল। জনগণ সেই লক্ষ্যেই সরকারকে দায়িত্ব দিয়েছে এবং পরিকল্পনা অনুযায়ী কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।
মাদকমুক্ত বাংলাদেশ গড়ার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর নির্দেশনা দিয়েছেন। আইজিপিসহ সংশ্লিষ্ট সব বাহিনী দেশকে মাদকমুক্ত করতে দিনরাত কাজ করছে।
এর আগে জেলা প্রশাসনের পক্ষ থেকে ভূমি প্রতিমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে সার্কিট হাউস প্রাঙ্গণে একটি কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ করেন তিনি।
সফরের অংশ হিসেবে প্রতিমন্ত্রী জেলা প্রশাসকের কার্যালয়ে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। সভায় নেত্রকোনা-২(সদর - বারহাট্টা) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মোঃ আনোয়ারুল হক, ও নেত্রকোনা -৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী,নেত্রকোনা -৪, পূর্বধলা আসনের সংসদ সদস্য মাসুম মোস্তফা, জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান, জেলা পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
